বোরো চাষে সেচ দেওয়া শুরু হয়েছে। গ্রীষ্মও আসন্ন। এ কারণে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে। কিন্তু সরকারের পরিকল্পনা ও পূর্বাভাস অনুযায়ী উৎপাদন বাড়ছে না। ফলে ইতিমধ্যে বিদ্যুৎ ঘাটতি দাঁড়িয়েছে প্রায় এক হাজার মেগাওয়াট।এ কারণে ঢাকাসহ দেশের শহরে-নগরে একাধিকবার লোডশেডিং শুরু হয়েছে। ঢাকার কোনো কোনো এলাকায় অন্তত চারবার লোডশেডিং হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। আবার বোরো চাষিরাও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্র থেকে এ খবর জানা গেছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উত্পাদন) মো. মোস্তফা কামাল গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, সব কেন্দ্রের যন্ত্রপাতিই প্রস্তুত আছে; কিন্তু চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না। মূলত গ্যাস-সংকটের কারণে এখন চাহিদার তুলনায় প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে।গ্যাসের অভাব: পিডিবির হিসাব অনুযায়ী, গ্যাস সরবরাহে স্বল্পতার কারণে চট্টগ্রামের রাউজান বিদ্যুৎকেন্দ্রের দুটি এবং শিকলবাহা কেন্দ্রের দুটি ইউনিট সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে। এই দুটি কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ৪০০ মেগাওয়াট। ১১০ মেগাওয়াট ক্ষমতার হরিপুর এনইপিসি এবং ৭১ মেগাওয়াট ক্ষমতার বাঘাবাড়ী কেন্দ্র দুটিও গ্যাস স্বল্পতার কারণে বন্ধ। এ ছাড়া ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস স্বল্পতার কারণে উৎপাদন কম হচ্ছে ৪০ মেগাওয়াট। টঙ্গী ১০৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিতে উৎপাদন হচ্ছে মাত্র ৩০ মেগাওয়াট। মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট ও হরিপুর ৩৬০ মেগাওয়াট কেন্দ্রে গ্যাস স্বল্পতার কারণে উৎপাদন কম হচ্ছে যথাক্রমে ৫০ ও ১৫৩ মেগাওয়াট। রুরাল পাওয়ার কোম্পানির ২১০ মেগাওয়াট ক্ষমতার শম্ভুগঞ্জ কেন্দ্রে উৎপাদন হচ্ছে মাত্র ৯১ মেগাওয়াট বিদ্যুৎ।গ্যাস-সংকট ছাড়াও কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট, খুলনা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট এবং হরিপুর ও আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিট মেরামত-সংরক্ষণের জন্য বন্ধ রয়েছে।গ্যাস পরিস্থিতি: পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর গতকাল প্রথম আলোকে বলেন, গ্যাসের উৎপাদন বাড়ানো সময়সাপেক্ষ ব্যাপার, তবে চেষ্টা চলছে। আগামী সোমবার সিলেটের হরিপুর ক্ষেত্র থেকে ৮০ লাখ ঘনফুট বাড়তি গ্যাস পাইপলাইনে আসবে। মার্চ মাসের মধ্যে কৈলাসটিলা-৫, রশিদপুর-২ ও সুরমা-১ নম্বর কূপ থেকে আরও প্রায় আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তিতাসের ৪ নম্বর কূপেও উৎপাদন বাড়ানোর (ওয়ার্কওভার) কাজ শুরু করা হচ্ছে শিগগিরই। এরপর একই কাজ করা হবে মেঘনা ও সেমুতাং গ্যাসক্ষেত্রে।এক প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, সঠিকভাবে হিসাব-নিকাশ না করে গ্যাস-সংযোগ দেওয়া ও ব্যবহার বাড়ানোর ফলে এই সংকট সৃষ্টি হয়েছে। তার পরও বর্তমানে ১৯৯ কোটি থেকে প্রায় ২০০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে, তিন মাস আগেও যার পরিমাণ ছিল ১৯৫ কোটি ঘনফুট। ক্রমান্বয়ে উৎপাদন আরও বাড়বে। কিন্তু সম্পূর্ণ চাহিদা মেটানোর মতো গ্যাস পাইপলাইনে পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে।উল্লেখ্য, সরকারি হিসাবে দেশে এখন গ্যাসের চাহিদা অন্তত ২২০ কোটি ঘনফুট। বেসরকারি হিসাবে এর পরিমাণ প্রায় ২৫০ কোটি ঘনফুট। বিদ্যুৎ হচ্ছে কত: এ বছর সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহের জন্য পিডিবি ও মন্ত্রণালয় যে হিসাব-নিকাশ করেছে, সে অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা চার হাজার ৩৩২ মেগাওয়াট। তৃতীয় সপ্তাহে উৎপাদন হওয়ার কথা চার হাজার ৪৪৭ মেগাওয়াট। কিন্তু বর্তমানে উৎপাদন হচ্ছে তিন হাজার ৭০০ মেগাওয়াটের মতো, যা উৎপাদনের পূর্বাভাসের চেয়ে প্রায় ৬০০ মেগাওয়াট কম। পিডিবির সূত্র জানায়, বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা চার হাজার ৬৫০ মেগাওয়াটের মতো, আর সর্বোচ্চ উৎপাদন তিন হাজার ৭০০ মেগাওয়াটের মতো। চাহিদার তুলনায় উৎপাদন কম হচ্ছে সাড়ে ৯০০ থেকে এক হাজার মেগাওয়াট। এখন প্রতিদিনই চাহিদা বাড়বে। তাই উৎপাদন না বাড়াতে পারলে ঘাটতিও বাড়তে থাকবে।লোডশেডিং: নওগাঁর পত্নীতলা উপজেলার বোরো চাষি ওহিদুর রহমান গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, মৌসুমের শুরুতে বোরোখেত ভিজানোর জন্য অব্যাহত বিদ্যুৎ দরকার। দিনে-রাতে কখনোই একটানা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, চাহিদার তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। সেচের জন্য এখন প্রতিদিনই চাহিদা বাড়ছে। কিন্তু বাড়তি সরবরাহ নেই।ডিপিডিসি ও ডেসকো সূত্রে জানা গেছে, এখন প্রতিদিন সর্বোচ্চ চাহিদার সময় তাদের আওতাধীন এলাকায় যথাক্রমে ২৫০ ও ১৫০ মেগাওয়াট করে সরবরাহ ঘাটতি থাকছে। ফলে লোডশেডিং করা ছাড়া উপায় নেই। নতুন আসছে: ঘাটতির পাশাপাশি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার প্রক্রিয়াও চলছে। আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট ক্ষমতার একটি পিকিং কেন্দ্র উদ্বোধন করবেন। চলতি মাসের শেষ নাগাদ উদ্বোধন করবেন ফেঞ্চুগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র। কিন্তু সরকারি খাতের এই দুটি কেন্দ্রও গ্যাসচালিত। তাই গ্যাসের সংকট থাকলে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে কোনো লাভ হবে না। এরপর মে মাস থেকে পর্যায়ক্রমে ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো চালু হবে। এগুলো অবশ্য তেলচালিত।