বিদ্যুৎ চাহিদা পূরণে প্রয়োজনে প্রক্রিয়া সহজ করব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণে দেশবাসীর কাছে অঙ্গীকারবদ্ধ। তিনি সেই অঙ্গীকার পূরণের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অঙ্গীকার দ্রুত পূরণের জন্য প্রচলিত আইন বা প্রক্রিয়ায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজনে আইন সংশোধন করব, প্রক্রিয়া সহজ করব। কিন্তু অঙ্গীকার পূরণে সফল হতেই হবে।’আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি-সচিব উপস্থিত ছিলেন।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীরই দায়িত্বাধীন। তিনি আজ বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত মন্ত্রণালয়ে অফিস করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে জ্বালানি-সচিব মো. মেসবাহ উদ্দিন জ্বালানি খাতের ওপর একটি উপস্থাপনা পরিবেশন করেন। এতে বলা হয়, দেশে জ্বালানিসংকট পূরণের লক্ষ্যে গ্যাসের উৎপাদন বৃদ্ধির কাজ অব্যাহত আছে। ২০১০ সালের মধ্যে মোট ১৮ কোটি ৮০ লাখ ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর সঙ্গে যুক্ত হবে ৫০ কোটি ঘনফুট এলএনজি। এলএনজি মূলত চট্টগ্রাম অঞ্চলের গ্যাস-সংকট পূরণে ব্যবহার করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে ২৩৫ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাসের উৎপাদন হবে বলে জ্বালানি-সচিব জানান।বিদ্যুৎ খাতের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিদ্যুৎ-সচিব আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ৮৭১ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। আরও আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যাদেশ এ বছরের মধ্যে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সন্তোষ প্রকাশ করে কাজ দ্রুত এগিয়ে নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।