বিদ্যুৎ-জ্বালানি খাতে এবার সমন্বিত কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত উন্নয়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। আগামী তিন মাসের মধ্যে এটি প্রণীত হতে পারে। এই দুই খাতের প্রায় একডজন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এক কর্মশালায় এটি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘সেক্টর লিডারস ওয়ার্কশপ’ শিরোনামের দুই দিনের ওই কর্মশালার আজ শনিবার শেষ দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই কর্মপরিকল্পনা প্রণীত ও বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে এখনকার মতো অসামঞ্জস্য থাকবে না। কোথাও বিদ্যুৎকেন্দ্র হলো কিন্তু জ্বালানি নেই কিংবা কোথাও জ্বালানি আছে, কিন্তু তার ব্যবহার নেই—এই অবস্থার অবসান ঘটবে।সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৯০ সালের পর থেকে চাহিদার তুলনায় বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহে যে ঘাটতি চলে এসেছে, আগামী বছর সে ক্ষেত্রে ভারসাম্য আসবে এবং কিছু উদ্বৃত্তও হতে পারে।সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের মধ্যে কাজের সমন্বয় ও সমঝোতা গড়ে তোলার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০০৯ সাল থেকে এ ধরনের কর্মশালার আয়োজন করে আসছে। এবারের কর্মশালায় সরকারের নির্বাচনী ইশতেহার, রূপকল্প ২০২১ এবং বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০১০-এর আলোকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে আলোচনা ও সুপারিশমালা তৈরি করা হয়।সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, ওই সুপারিশগুলোর ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির জন্য ছয়জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে তাঁরা এ কাজটি শেষ করবেন।প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত উন্নয়নে ২০৩০ সালের উদ্দেশ্যে সরকার যে যাত্রা শুরু করেছে, সবার সম্মিলিত চেষ্টায় তা সফল করতে হবে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি অনেক দিনের। এই সমস্যা নিরসনে কিছু পদক্ষেপ নিয়েও তেমন ফল পাওয়া গেছে বলে মনে হয় না। বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়নের মধ্যে সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের কাজ করতে হবে সমন্বিতভাবে।কর্মশালায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে দেশের জ্বালানি উৎসগুলো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, মোট জ্বালানি চাহিদার অর্ধেকের বেশি অভ্যন্তরীণ উৎস থেকে সরবরাহ করতে হবে। ২০৩০ সালে প্রায় ৩৯ হাজার মেগাওয়াট বিদ্যুতের অর্ধেক উৎপাদন করা হবে কয়লা জ্বালিয়ে। এক-চতুর্থাংশ গ্যাস এবং এক-চতুর্থাংশ করা হবে অন্যান্য জ্বালানি (তেল, পানিসহ নবায়নযোগ্য ও আমদানি) দিয়ে।