প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে উনি (বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া) রোডমার্চ করে যাচ্ছেন। তাঁর গাড়ির বড় বড় র্যালি গেছে। আর সেই উপলক্ষে চট্টগ্রামে এক সপ্তাহ ধরে আলোকসজ্জা করা হয়েছে। আমরা যদি বিদ্যুত্ এর উত্পাদন না বাড়াতাম তাহলে উনি রোডমার্চে আলোকসজ্জা করতে পারতেন না। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার জনসভার জন্য ২০টা ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে চট্টগ্রামে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে বলেই উনি ডিজিটাল স্ক্রিন ব্যবহার করতে পারছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যে ডিজিটালাইজড বাংলাদেশ গড়ে তুলেছি আজকের বইগুলো তার প্রমাণ। তিনি বলেন, বইগুলো এখন ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। এতে দেশের বাইরে যারা থাকে তারা যদি সন্তানদের দেশের কারিকুলামে পড়াতে চায়, সেটা সুবিধা হবে।