বিদ্যুৎ নাই, ঝুঁকি আছে
নীলফামারী জেলার ডোমার উপজেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ব দিকে জলঢাকা সড়কের পাশে ছোট রাউতা ভুজারীপাড়া গ্রাম। এ গ্রামে বাস করে দেড় শতাধিক পরিবার। পরিবারগুলো শত চেষ্টা করেও বিদ্যুৎ সুবিধার আওতায় আসতে পারেনি। কিন্তু তারপরও তারা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ তারের নিচে বাস করছে প্রায় এক যুগ ধরে।গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে ফাটা তারে বাঁশের খুঁটি দিয়ে সেচ-পাম্পের জন্য নেওয়া বিদ্যুতের একাধিক সংযোগ। ওই সংযোগ বিভিন্ন বাসাবাড়ি ও রাস্তার ওপর দিয়ে নেওয়া হলেও এক যুগেও ওই বাসাবাড়ির মানুষ বিদ্যুৎ সুবিধা পায়নি।গত ২১ এপ্রিল সরেজমিনে গেলে গ্রামের মোর্শেদুল ইসলাম (২০) বলেন, ‘হামার বাড়ির ওপর দিয়া ফাটা তারে লাইন নিয়া গেইছে। ওই লাইন দিয়া মোটর চালায় (সেচ-পাম্প)। বাড়ির লাইন দেয় না। ’গ্রামের ক্যাম্পো (৩৫) বলেন, ‘কারেন্ট দিবার কথা কইয়া একবার টাকা-পাইসা ওঠে নিয়া গেল। তার পর আর খবর নাই। এই গ্রামের প্রায় দেড় শ পরিবার অন্ধকারে থাকে, একটু ঝড়-বাতাস হলে কারেন্টের তারের ভয়তে বাইর হওয়া যায় না, কারণ কোনঠে যে তার ছিরি পড়ে তার কোনো ঠিক-ঠিকানা নাই।’সুশান্ত রায় (২০) বলেন, ‘ফাটা তারে কারেন্ট নেওয়ার কারণে বহু অ্যাক্সিডেন্ট হয়। পাঁচ-ছয় বছর আগে আমার চাচা মন্টু কর্মকার (৫০) ছেঁড়া তারে আটকে মারা গেছে, চার বছর আগে আমার বোন মিনা (২০) বাড়ির পাশে বাঁশের খুঁটি ভাঙি কারেন্টের তারে আটকে আহত হয়।’ তিনি আরও বলেন, ‘লাইনগুলা এমনভাবে নিছে, রাইতের বেলা হাটবাজার থাকি ফিরার সময় সাবধানে চলতে হয়। গ্রামত বিদ্যুৎ নাই, কিন্তু বিদ্যুতের ভয় আছে।’ এ ব্যাপারে কথা বললে পিডিবির ডোমার উপজেলা আবাসিক প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, ‘ওগুলো অনেক আগের লাইন। আমার কাছে ওই গ্রামের এক লোক একদিন এসেছিল, কিন্তু অনুমোদন ছাড়া আমরা সেখানে লাইন দিতে পারি না।