বিদ্যুৎ নিয়ে এবার তোপের মুখে সচিব
বিদ্যুৎ নিয়ে এবার সংসদীয় কমিটির বৈঠকে তোপের মুখে পড়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ। প্রতিমন্ত্রী এনামুল হক অনুপস্থিত থাকায় সদস্যদের প্রশ্নবানে জর্জরিত হতে হয় সচিবকে।মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন না করার প্রতিবাদে কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম বৈঠক ত্যাগ করেন। তবে কিছুক্ষণ পর তিনি আবার বৈঠকে যোগ দেন।আজ মঙ্গলবার সংসদে ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ঘটনা ঘটে। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে প্রতিবাদ হিসেবে আবদুল্লাহ আল ইসলামের সভা ত্যাগের ঘটনাকে রীতিবহির্ভূত বলে মন্তব্য করেছেন সভাপতি সুবিদ আলী ভূঁইয়া। তবে কমিটির অন্য সদস্যরা সভাপতির মতের বিরুদ্ধে অবস্থান নেন। তাঁরা সভাপতিকে বলেন, প্রতিবাদে সভাস্থল ত্যাগ করার অধিকার সাংসদের রয়েছে।আবদুল্লাহ আল ইসলামের ক্ষোভ প্রকাশের বিষয়টি নিশ্চিত করে কমিটির সদস্য ইসরাফিল আলম বলেন, মন্ত্রণালয় বিদ্যুতের পুরোনো কেন্দ্রগুলো মেরামত না করে নতুন কেন্দ্র স্থাপনের ব্যাপারে বেশি মনোযোগী। কারণ এতে অন্য রকম কিছু ব্যাপার আছে। এ নিয়ে কমিটি অসস্তোষ প্রকাশ করেছে। বরং পুরোনো কেন্দ্রগুলো মেরামত করা হলে সরকারের ব্যয় কম হতো এবং জাতীয় গ্রিডে বিদ্যুতের সংকটও কম থাকত। তাই কমিটির পক্ষ থেকে পুরনো বিদ্যুেকন্দ্রগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।এ বিষয়ে জানার জন্য কমিটির সভাপতি সুবিদ আলী ও আবদুল্লাহ ইসলামের মুঠোফোনে একাধিকবার করেও তাঁদের পাওয়া যায়নি। এর আগে ৮ মার্চ সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্যরা বিদ্যুৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রতিমন্ত্রী এনামুল হকের সমালোচনা করেন।সূত্র জানায়, ২০০৯ সালে ভোলার মনপুরায় বঙ্গবন্ধু চিন্তা-নিবাস প্রকল্পে বিদ্যুৎ সরবরাহের জন্য এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপনের সুপারিশ করে কমিটি। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মন্ত্রণালয়কে চিঠিও দেয়। কিন্তু এতদিন পরও সেখানে জেনারেটর স্থাপন না হওয়ায় স্থানীয় সাংসদ ও কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম মন্ত্রণালয়ের কাছে বিষয়টি জানতে চান। একপর্যায়ে কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদ হিসেবে আবদুল্লাহ আল ইসলাম বৈঠক ত্যাগ করেন।সূত্র আরও জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন ৫০টি বিদ্যুেকন্দ্র থেকে তিন হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উত্পাদন হয়েছে। কিন্তু তার পরও সারা দেশে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। মন্ত্রণালয়ের কাছে কমিটি এর কারণ জানতে চেয়েছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন বাড়ার পরেও কেন জনগণ এর সুফল পাচ্ছে না, সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির বৈঠকে জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া সেচযন্ত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং পুরোনোগুলোর মেরামতের মধ্যে কোনটি সাশ্রয়ী ও লাভজনক, সে সম্পর্কে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মো. সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ইসরাফিল আলম, নিলুফার জাফর উল্লাহ, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর ও আবদুল্লাহ আল ইসলাম অংশ নেন। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।