বিদ্যুৎ নিয়ে কী হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত-দিন প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং তো আছে, তার সঙ্গে “গোদের ওপর বিষফোঁড়া”র মতো যুক্ত হয়েছে ১০-১৫ মিনিট ও আধা ঘণ্টা পরপর বিদ্যুৎ যাওয়া-আসার যন্ত্রণা। আবার কখনো সেই যে লোডশেডিং শুরু হয়, দুই ঘণ্টায়ও আর বিদ্যুতের দেখা মেলে না। বিদ্যুৎ নিয়ে দেশে এটা কী হচ্ছে?’ এই জিজ্ঞাসা ঢাকা মহানগরের দনিয়ার একজন ভুক্তভোগী গ্রাহকের। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে টেলিফোন করে তিনি এই প্রশ্ন করেন।এর কিছুক্ষণ আগে গতকাল দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ১০-১৫ মিনিট বা আধা ঘণ্টা পরপর বিদ্যুৎ আসা-যাওয়ার ব্যাপারে তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিষয়টি তদন্ত করে দেখবে বলে উল্লেখ করে মন্ত্রণালয় সূত্র জানায়। এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি আছে। কাজেই লোডশেডিং হবে। কিন্তু ওই রকম হওয়ার কথা নয়। ও রকম হওয়ার মতো পরিস্থিতি হলে তা লোড ডেচপাস সেন্টার (এলডিসি) থেকে নিয়ন্ত্রণ করার কথা। তার পরও এ রকম কেন হচ্ছে, তা পরীক্ষা করে দেখা হবে।মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত সভায় পবিত্র রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। সভা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, আরও ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুৎ গ্রিডে আসাসহ রমজানে বিদ্যুৎ উৎপাদন প্রায় ৫০০ মেগাওয়াট বাড়বে। তার পরও ঘাটতি থাকবে। সবাই মিলে সাশ্রয় করে ও লোড ব্যবস্থাপনার মাধ্যমে এই ঘাটতি পোষাতে হবে। তবে ইতিমধ্যে বিদ্যুৎ নিয়ে সারা দেশে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। লোডশেডিং, বিদ্যুৎবিভ্রাটের পাশাপাশি চলছে বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিস ঘেরাও, ভাঙচুর, রাস্তা অবরোধ প্রভৃতি। সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তার বাস্তবায়ন শুরু করেছে। কিছু উৎপাদন বাড়ছেও। ইতিমধ্যে বাড়ছে চাহিদাও। আগের ক্রমপুঞ্জীভূত বিপুল ঘাটতি ও বর্তমানের চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এখনো বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে দেখা দিচ্ছে নানা উপদ্রব।আন্ডার ফ্রিকোয়েন্সি: একটি সূত্র জানায়, ঢাকার অধিকাংশ বিতরণ লাইনে ‘আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে’ নামক একটি যন্ত্র বসানো আছে। বাড়তি চাহিদার কারণে যদি এর কোনো লাইন দিয়ে নির্ধারিত ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে ওই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। তা না হলে পুরো লাইনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।এভাবে কোনো লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কিছুক্ষণ পরপর লোড ডেচপাচ সেন্টার কিংবা সংশ্লিষ্ট স্কাডা (সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন) থেকে লাইনটি চালু করে দেখা হয় যে, চাহিদা নির্ধারিত সীমার মধ্যে এসেছে কি না। যদি না আসে তাহলে আবার বন্ধ করে দেওয়া হয়। আবার একটু পর লাইনটি চালু করে দেখা হয়। এ কারণে কয়েক মিনিট পর বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটতে পারে। গ্রাহকেরা কী বলেন: ঢাকার কয়েকটি এলাকার কয়েকজন গ্রাহক এ ব্যাপারে বলেন, তাঁরা আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে সম্পর্কে জানেন না। তবে প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে তাঁরা খুব উৎকণ্ঠিত থাকেন। তাই বিদ্যুৎ এলেই তাঁরা পাম্প চালিয়ে পানি তোলা, এসি চালিয়ে শরীর জুড়ানো ও ঘর ঠান্ডা করা, কাপড়চোপড় ইস্তিরি করা প্রভৃতি জরুরি কাজ সেরে নেন। কতক্ষণ বিদ্যুৎ থাকবে এবং আবার কখন আসবে তা অনিশ্চিত হওয়ায় তাঁরা এগুলো করেন।আগেভাগে লোডশেডিংয়ের সময়সূচি জানানো সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, এই ব্যবস্থা চালু করা হয়েছিল। আবার চালু করার ব্যাপারে তাঁরা পদক্ষেপ নেবেন। গতকাল বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।গভীর রাতে কেন: গভীর রাতে লোডশেডিংয়ের যন্ত্রণা এবারই প্রথম। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বিতরণকারী কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) দেখেছে, শিল্প এলাকাগুলোতে দিনের যেকোনো সময় কিংবা সান্ধ্যকালীন সর্বোচ্চ চাহিদার চেয়েও গভীর রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এর কারণ খুঁজে জানা গেছে, দিনের বেলা প্রয়োজনমতো বিদ্যুৎ না পেয়ে অনেক মালিক গভীর রাতে শিল্প কারখানা চালাতে শুরু করেছেন।বৈষম্যের অভিযোগ: ঢাকার আজিমপুর, পল্লবী, টঙ্গী, শনিরআখড়া প্রভৃতি এলাকার কয়েকজন গ্রাহক বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিতরণে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করেছেন। তাঁরা বলেন, তাঁদের এলাকাগুলোতে যে হারে লোডশেডিং হয় অন্য অনেক এলাকায় তার চেয়ে কম হয়। এ ব্যাপারে তৌফিই-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, এ রকম বৈষম্যের কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।রমজানে কী হবে: আজ বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকালই শুরু হবে পবিত্র রমজান। এই রমজানে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ উৎপাদন সাড়ে চার হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পিডিবির চেয়ারম্যান জানিয়েছেন, প্রয়োজনীয় মেরামত-সংরক্ষণ শেষে আজই চালু হচ্ছে ঘোড়াশালে ১৮০, আশুগঞ্জে ১৪০ ও বড়পুকুরিয়ায় ৯০ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিট। যুক্তরাজ্যের কোম্পানি এগ্রিকোর আরও ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে কিছুদিন ধরে গ্যাস সরবরাহ করা হচ্ছিল ৭৫ কোটি ঘনফুটেরও কম। রমজানে তা ৮৫ থেকে ৮৮ কোটি ঘনফুটে উন্নীত করা হবে বলে প্রথম আলোকে বলেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর।এ ছাড়া চাহিদা ও ব্যবহার বৃদ্ধির কারণে যদি কোনো নির্দিষ্ট এলাকায় গ্যাসের চাপ কমে গিয়ে গৃহস্থালী পর্যায়ের ব্যবহার বিঘ্নিত হয়, তাহলে শুধু রমজান মাসের জন্য ওই এলাকায় হ্রাসকৃত দামে এলপি গ্যাসের সিলিন্ডার সরবরাহ করার কথাও সরকারের ভাবনায় রয়েছে। সর্বোপরি সরকার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যেসব কার্যাদেশ ইতিমধ্যে দিয়েছে, সেই কেন্দ্রগুলো সময়মতো চালু করার ব্যাপারেও সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।