বিদ্যুৎ নিয়ে ক্ষোভ, উপদেষ্টা-প্রতিমন্ত্রীকে দুষলেন সাংসদেরা
সংসদে বিদ্যুৎ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদেরা। তাঁরা বলেছেন, বিদ্যুৎ খাতে প্রতিবছর ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কারণে দেশের পুরো অর্থনীতি চাপের মুখে। কিন্তু বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়নি। এ জন্য সাংসদেরা বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং প্রতিমন্ত্রী এনামুল হককে দায়ী করেন।আজ সংসদে অনির্ধারিত আলোচনায় সাংসদেরা এসব অভিযোগ করেন।তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ভোলায় একটি বিদ্যুৎকেন্দ্র হবে। কিন্তু সরকারের তিন বছর পার হয়ে গেছে। এখনো কাজ শুরু হয়নি। সরকারি দল করি, এ জন্য কিছু বলতে পারি না। কিন্তু এলাকায় গেলে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা নিয়ে জনগণ জানতে চায়। এ বিষয়ে এলাকার মানুষের প্রশ্নের জবাব আমি দিতে পারি না। আমি ভারাক্রান্ত হূদয় নিয়ে আজ ভোলায় যাব। গিয়ে এলাকার মানুষকে গিয়ে আবারও বলব, হবে।’তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমি আগেও বলেছি, বিদ্যুৎ মন্ত্রণালয় কে চালায়? ৪৭ জন মন্ত্রী আছেন। আরও আছেন উপদেষ্টা। এ মুহূর্তে সংসদে আছেন স্বরাষ্ট্র, শিক্ষা ও ভূমিমন্ত্রী। আর আছেন চারজন প্রতিমন্ত্রী। কার কাছে কথা বলব? বিদ্যুৎ প্রতিমন্ত্রী নেই। উপদেষ্টাকে তো কৈফিয়ত দিতে হয় না। অথচ তাঁর কথার বাইরে কিছুই হয় না।’উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে সতর্ক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মইনউদ্দিন খান বাদল বলেন, ‘বিদ্যুৎ খাতে প্রতি বছর ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পর আমরা আর কোনো অজুহাত শুনব না। আপনাদের কারণে দেশের পুরো অর্থনীতি চাপের মধ্যে পড়েছে। মন্ত্রী, উপদেষ্টা, উপদেষ্টার পেছনের উপদেষ্টাদের বলতে চাই, আপনাদের কাজ করে দেখাতে হবে। এর অন্যথা হলে সাংসদেরা আপনাদের আরও জোরালোভাবে ধরবে।’গতকাল বুধবার সকালে বিদ্যুৎ না থাকায় তাঁর নিজের দুরবস্থার কথা তুলে ধরে সরকারি দলের ফজলে রাব্বি মিয়া বলেন, ‘সকালে বিদ্যুত্ ছিল না। যার কারণে পানি তুলতে না পেরে বাথরুম ব্যবহার করতে পারিনি, গোসল করতে পারিনি। প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত করেছেন। এত বিদ্যুৎ যাচ্ছে কোথায়? বিদ্যুৎ উত্পাদিত হওয়ার পরও এত লোডশেডিং হচ্ছে কেন?’বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করে ফজলে রাব্বি মিয়া বলেন, ‘কৃষকদের ছয় ঘণ্টার জায়গায় তিন ঘণ্টা বা দেড় ঘণ্টা করে বিদ্যুত্ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ-সংকটের কারণে জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। আমরা মানুষের কাছে আর প্রশ্নবিদ্ধ হতে চাই না। তাই বিদ্যুতের অবস্থা কী, তা জানতে চাই।’ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সমস্যা অন্য এলাকার চেয়ে এক ডিগ্রি বেশি। বরেন্দ্র প্রকল্পে সাত মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। দেওয়া হচ্ছে মাত্র দুই মেগাওয়াট করে। এ অবস্থা চলতে থাকলে তিন হাজার একর জমির ফসল বিনষ্ট হয়ে যাবে। এটা হলে জনগণের কাছে জবাবদিহি করার নৈতিক অবস্থান থাকবে না।’সাধন চন্দ্র মজুমদার বলেন, সেচ মৌসুমের কৃষকদের রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুত্ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় রাত দুইটার দিকে। এরপর ছয়টার আগে আবার বিদ্যুৎ চলে যায়।এ কে এম আনোয়ারুল হক বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উত্পাদন বাড়ার কারণে শহরের অবস্থার উন্নতি হলেও গ্রামের অবস্থা আগের মতোই রয়ে গেছে। বিদ্যুতের অভাবে গ্রামের কৃষকেরা জমিতে সেচ (ইরিগেশন) দিতে পারছেন না। বিদ্যুতের অভাবে গত বোরো মৌসুমে কৃষকেরা পল্লি বিদ্যুৎ অফিস ভাঙচুর করতে গেলে আমি নিজে থেকে তা রক্ষা করি। কিন্তু এবার যেটা শুরু হয়েছে, কৃষকেরা যেকোনো সময়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে আক্রমণ করে বসতে পারেন।’সাংসদের এসব বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের ধৈর্য ধারণ করতে বলেছেন।’এদিকে ঢাকায় সৌদি কুটনীতিকে হত্যাকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। তিনি বলেন, সৌদি কুটনীতিকের মৃত্যুকে কেন্দ্র করে খালিজ টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বিরূপ প্রচার চলছে। এই প্রচার থেকে রেহাই পেতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।এর আগে বিকেলে অধিবেশন শুরুর আগে স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের জানান, সংসদের অধিবেশন ১৩ মার্চ পর্যন্ত চলতে পারে।