বিদ্যুৎ নিয়ে বিপত্তি, এবার আবেদন এসি বন্ধ রাখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান নাজুক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশবাসীকে দুটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক. বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতাল ও হোটেল-রেস্তোঁরা ছাড়া সর্বত্র শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখা। দুই. অন্য সময়ে (অফ পিক আওয়ার) ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালানো।গতকাল মঙ্গলবার বিকেলে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিইআরসি আইন ২০০৩-এর ২২ (ক) ও ২২ (ড) ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে এ ব্যাপারে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সহযোগিতা চাওয়া হয়েছে সর্বসাধারণের কাছে।বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সমাজের অপেক্ষাকৃত বিত্তবান যাঁরা এসি চালান, তাঁদের জন্য এই নির্দেশনা। তাঁরা যদি এ নির্দেশনা মানেন, তাহলে তাঁদের কিছুটা কষ্ট হলেও অন্যদের একটু সুবিধা হবে। কিছু বিদ্যুৎ বেশি পাওয়া যাবে।আর কেউ যদি এ নির্দেশনা না মানেন?—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, না মানলে বিইআরসি আইনে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তবে বিইআরসি সবাইকে অনুরোধ জানাচ্ছে মানার জন্য। বিইআরসি আশা করে, চলমান বোরো মৌসুমে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া এবং আগামীকাল থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার্থীদের কিছুটা হলেও বেশি বিদ্যুৎ দিয়ে কষ্ট লাঘবের জন্য সবাই এটা মানবে।ইলেকট্রনিক-মাধ্যমে এ খবর প্রচারের প্রায় সঙ্গে সঙ্গে প্রথম আলো কার্যালয়ে কয়েকটি ফোন আসে। তাঁরা জানতে চান, সংবাদ সম্মেলন করার সময় ওই কক্ষের এসি চলছিল কি না? চললে সেগুলো কি ২৫ ডিগ্রি বা তার ওপরে ছিল কি না?একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সর্বোচ্চ চাহিদার সময় এসি বন্ধ রাখলে অন্য সময়ে যে বিদ্যুৎ পাব, তার কি কোনো নিশ্চয়তা আছে? নেই। তাহলে এ নির্দেশনা কেন?’ তিনি বলেন, এরপর তো তাঁরা বলবেন, ‘পিক আওয়ারে টেলিভিশনও বন্ধ রাখুন।’অন্য একজন বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী ও বিতরণকারী সব প্রতিষ্ঠানকেই কিছু শর্তে লাইসেন্স দেয় বিইআরসি। তার মধ্যে সেবার পাশাপাশি অব্যাহতভাবে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টার কথাও আছে। বিইআরসি গ্রাহকদের প্রতি নির্দেশনা দেওয়ার আগে ওই সব প্রতিষ্ঠানকে কি জিজ্ঞেস করেছে, এত খারাপ অবস্থা থেকে উত্তরণে তারা কী কার্যকর ব্যবস্থা নিচ্ছে?গ্রাহকদের এসব প্রশ্ন ছাড়াও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আরও কিছু প্রশ্ন ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, প্রতিদিন একটি এসির জন্য কত বিদ্যুৎ ব্যবহূত হয় এবং বিইআরসির নির্দেশনা মানা হলে কত মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এর জবাবে চেয়ারম্যান বলেন, এটা তাঁরা জানেন না। বিইআরসির নির্দেশনা মানা হলে ২০০, ৩০০ কিংবা ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে বলে তাঁদের ধারণা।স্বাভাবিকভাবে পরের প্রশ্ন ছিল—এটা না জানা থাকলে কিসের ভিত্তিতে ২০০, ৩০০ বা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হতে পারে বলে বলা হচ্ছে? জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে জেনেছি।’এর আগে বিইআরসি একবার ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছিল। সেটি ছিল অত্যন্ত গঠনমূলক ও সুনির্দিষ্ট হিসাব-নিকাশ করা। এবার তেমনটি হলো না।