তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের একটি গ্রামের নাম সন্ন্যাসীপাড়া। উপজেলা সদর থেকে মাত্র ২০ কিলোমিটার এবং জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে মহানন্দা নদীর তীরে গ্রামটি। নদীর ওপারেই ভারতের কাঁটাতারের বেড়া। চারদিক গাছপালায় ভরা এ গ্রাম, যেন ‘ছায়া সুনিবিড় শান্তির নীড়’ এখানেই। কিন্তু ভেতরে ঢুকলেই আর আপনার পা চলবে না। গ্রামের প্রধান সড়ক সিপাইপাড়া-উত্তর কাশিমগঞ্জ সড়কটি চলার অযোগ্য। এ ছাড়া গ্রামে বিদ্যুৎ নেই, নেই কোনো বিদ্যালয়।খোঁজ নিয়ে জানা গেছে, এ গ্রামে এক হাজারের বেশি লোকের বাস। ভোটারসংখ্যা পাঁচ শতাধিক। স্থানীয় প্রবীণ শফিউর রহমান (৭১) জানান, প্রাচীনকালে গ্রামে এক সন্ন্যাসী বাস করতেন। সেই থেকে এর নাম হয়েছে সন্ন্যাসীপাড়া।৩ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, গ্রামের অধিকাংশ শিশু অপুষ্টির শিকার। সড়কগুলো খানাখন্দে ভরা। বিদ্যুৎ নেই, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানও নেই। গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে যে বিদ্যালয়টি আছে, শিশুরা হেঁটে সেখানে যেতে চায় না।কৃষক কছিমউদ্দিন (৫৫) জানান, গ্রামের সবচেয়ে বড় সমস্যা এর রাস্তাঘাট। কাঁচা সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না।মো. রমজান আলী জানান, গ্রামের অধিকাংশ মানুষ মহানন্দা নদীতে পাথর তুলে জীবিকা নির্বাহ করে। এ ছাড়া গ্রামে ধান, পাট, গমের চাষ হয়। বিদ্যুৎ না থাকায় ডিজেলে বোরো চাষ করে পোষায় না। বিদ্যুৎ থাকলে মোটর দিয়ে সহজে চাষাবাদ করা যেত।ইউপি সদস্য জাহেরা বেগম বলেন, এখানে বিদ্যুৎ নেই। গ্রামের প্রধান সড়কটি চলার অযোগ্য। একই কথা জানান, ইউপি সদস্য মো. পইনউদ্দিন।এসএসসি পরীক্ষার্থী সুজন জানায়, এখানকার প্রধান সড়কটি পাকা করা দরকার। বর্ষায় স্কুলে যেতে সমস্যা হয়।বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মো. নায়বুল ইসলাম জানান, গ্রামের কাঁচা সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে। সিপাইপাড়া-উত্তর কাশিমগঞ্জ সড়কটি পাকা করা দরকার। এ সড়ক দিয়ে পাথরবাহী ট্রাক চলাচল করায় এটি নষ্ট হয়ে গেছে। গত সরকারের আমলে মাত্র এক কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। এরপর আর পাকা হয়নি। বিদ্যুৎ আনার এখতিয়ার ইউনিয়ন পরিষদের নেই।