বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় হতে আরও দুই বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দেশের বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসতে আরও অন্তত দুই বছর লাগবে। আগামী দুই বছর নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়া এবং আরও নতুন কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া যেমন চলবে, তেমনি বিদ্যুতের তীব্র সংকটও অব্যাহত থাকবে।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, এই খাতের উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৩ সালে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে।এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, সরকার আরও কিছু নতুন উদ্যোগ নিচ্ছে, যাতে পরিস্থিতি দ্রুত সহনীয় পর্যায়ে আনা যায়।বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিদ্যুৎ কোম্পানি সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘সরকারের প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই। বর্তমান চেষ্টা অব্যাহত থাকলে আশা করি, ২০১২ সালে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে এবং ২০১৩ সালে দেশে কোনো বিদ্যুৎ-ঘাটতি থাকবে না।’নতুন আসে, পুরোনো যায়: বর্তমানে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি যেমন আছে, তেমনি নতুন বিদ্যুৎকেন্দ্র চালুও হচ্ছে। প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন যেমন হচ্ছে, তেমনি বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় পরিমাণ গ্যাসের সরবরাহ ঘাটতিও আছে। গত দুই সপ্তাহে সার কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কমাতে হয়েছে। আগামী সপ্তাহে কর্ণফুলী সার কারখানা (কাফকো) চালু করা হবে। তখন বিদ্যুৎকেন্দ্রগুলো গ্যাস পাবে আরও কম। ফলে বিদ্যুৎ উৎপাদন আরও কমবে।এই জ্বালানি সংকটের সঙ্গে এখন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে, পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোতে যখন-তখন উৎপাদন বন্ধ হয়ে যাওয়া। অতি পুরোনো এই কেন্দ্রগুলো নিয়মিত চালু রাখা এখন সরকারের জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার পরও এগুলো না চালিয়ে উপায় নেই। এভাবে নতুন বিদ্যুৎ আসার পাশাপাশি পুরোনো কেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে। ফলে বিদ্যুতের মোট উৎপাদন বাড়ছে খুব ধীরগতিতে। এ কারণে বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন যে পর্যায়ে ছিল (কম-বেশি চার হাজার মেগাওয়াট), এখন তার চেয়ে খুব বেশি বাড়েনি। কিন্তু গত দেড় বছরে প্রায় ৯০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে এসেছে। এর পরও বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি সরকারি হিসাবেই এক হাজার মেগাওয়াটের বেশি।আরও আসছে ৭০০: সরকারি পরিকল্পনা অনুযায়ী, এ বছর অর্থাৎ ডিসেম্বরের মধ্যে আরও ৭০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। ফলে বিদ্যুতের সর্বোচ্চ নিশ্চিত উৎপাদনক্ষমতা (ফার্ম ক্যাপাসিটি) প্রায় পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। কিন্তু জানুয়ারি মাসেই যে সেচ মৌসুম শুরু হচ্ছে, তখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে অন্তত ছয় হাজার মেগাওয়াট। তার পর থেকে সময় যত গ্রীষ্মের দিকে এগোবে, চাহিদা ততই বাড়বে। বাড়বে ঘাটতিও। কারণ এই সময়েও নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যতটা আসবে, চাহিদা থাকবে তার চেয়ে বেশি।সরকারি পরিকল্পনা অনুযায়ী ২০১১ সালে নতুন বিদ্যুৎ উৎপাদিত হবে ৮৪১ মেগাওয়াট। কিন্তু ওই বছর চাহিদাও বাড়বে প্রায় সমপরিমাণ। ফলে আগের যে প্রায় দেড় হাজার মেগাওয়াট ঘাটতি, তা থেকেই যাবে। ২০১২ সালে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা এক হাজার ৬৯৮ মেগাওয়াট। ওই বছর নতুন চাহিদা বাড়বে প্রায় এক হাজার মেগাওয়াট। এই বর্ধিত চাহিদা পূরণ করে আগের কিছুটা ঘাটতি মেটানো যাবে। ফলে ২০১২ সালে ঘাটতি সহনীয় পর্যায়ে আসবে। প্রায় আট হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮০০ মেগাওয়াটের ঘাটতি বড় কোনো সমস্যা হয়ে দেখা দেবে না বলে সরকারি সূত্রগুলোর অভিমত। তাদের মতে, সরকার এই সময়ের মধ্যে আরও কিছু নতুন উদ্যোগ নেওয়ার কথাও ভাবছে।নতুন উদ্যোগ: বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত সহনীয় পর্যায়ে আনতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির গতকাল বলেন, ঘোড়াশাল ও আশুগঞ্জে কয়েকটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। এগুলো চালু করতে সময় লাগবে। এর ফলে সেখানে কিছু গ্যাস পাওয়ার সুযোগ থাকলেও ব্যবহার করা যায় না। তাই চিন্তা করা হচ্ছে ঘোড়াশালে গ্যাসচালিত আরও দু-একটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপন করার কথা।পিডিবির চেয়ারম্যান বলেন, কাফকো চালু হলে চট্টগ্রামে গ্যাসের অভাবে প্রায় ৫০০ মেগাওয়াট (সম্প্রতি চালু হওয়া ১৫০ মেগাওয়াট ক্ষমতার শিকলবাহা কেন্দ্রটিসহ) বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে। তাই সেখানে দ্রুত চার-পাঁচ মাসের মধ্যে একটি বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায় কি না, সে বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে। এ ছাড়া বেসরকারি খাতে এলএনজিভিত্তিক (তরলায়িত প্রাকৃতিক গ্যাস) একটি ‘ইনটিগ্রেটেড’ বিদ্যুৎকেন্দ্র (এলজি টার্মিনাল) স্থাপন, এলএনজি অমদানি, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ—এ সবই করবে বেসরকারি খাতের কোনো কোম্পানি। পিডিবি শুধু বিদ্যুৎ কিনবে, স্থাপনেরও উদ্যোগ নেওয়া হতে পারে।এ ছাড়া গ্রাহক প্রান্তে চাহিদা কমানোর লক্ষ্যে এই বছরের মধ্যেই আরও ৫০ লাখের বেশি বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ করা হবে।আরও নতুন কেন্দ্র নিয়ে আলোচনা: ২০১৫ সালের মধ্যে প্রায় সাড়ে ১১ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা এর আগে চূড়ান্ত করা হয়েছিল, তার সঙ্গে আরও প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বেশি উৎপাদনের পরিকল্পনা যুক্ত করা হয়েছে। এর মধ্যে তেলচালিত কেন্দ্র হবে আটটি, যার চারটি ১০০ এবং চারটি ৫০ মেগাওয়াট করে। কয়লাভিত্তিক কেন্দ্র হবে চারটি। এ দুটির প্রতিটি হবে ১৫০ থেকে ৩০০ মেগাওয়াট ক্ষমতার। বাকি দুটির প্রতিটি হবে ৪০০ থেকে ৬৫০ মেগাওয়াট ক্ষমতার। এই কেন্দ্রগুলো স্থাপনের বিষয়ে গতকাল বিদ্যুৎ মন্ত্রণালয়ে এক সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে। সভায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।সরকারি সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিন সুশাসনের অভাব এই খাতকে এতটাই পিছিয়ে দিয়েছে যে সরকারের এতসব উদ্যোগ সত্ত্বেও এই খাতের চাহিদা পূরণে আরও অনেক দিন লাগবে।