পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিদ্যুৎ-পানির আন্দোলন চারদলীয় জোটের বিরুদ্ধে করা উচিত
‘১৯৯৭ সালে এই জায়গায় দাঁড়িয়ে ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেছিলাম। আজ ১৩ বছর পর আবার দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করতে এলাম। এত বছরে এই কাজটি করা হলো না কেন, সেটাই আমার প্রশ্ন।’গতকাল বৃহস্পতিবার ঢাকা ওয়াসার সায়েদাবাদ শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও পানির দাবিতে আন্দোলন করতে হলে প্রথমে বিগত সরকারগুলোর বিরুদ্ধে করা উচিত। কারণ, বিদ্যুৎ ও পানির চলমান সংকটের জন্য বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকার দায়ী। ওই সাত বছরে এ দুই ক্ষেত্রে কিছুই করা হয়নি।প্রথম প্রকল্পের অধীনে সায়েদাবাদের গোলাপবাগে নির্মিত প্রথম শোধনাগারটির মাধ্যমে ঢাকা ওয়াসা প্রতিদিন সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধন করে থাকে। নতুন শোধনাগারটির কাজ শেষ হলে ঢাকা ওয়াসা আরও সাড়ে ২২ কোটি লিটার পানি সরবরাহ করতে পারবে। এক হাজার ১৪০ কোটি টাকার এই প্রকল্পে ডেনমার্ক সরকার ৭৭৪ কোটি টাকা সুদবিহীন ঋণ দিচ্ছে। বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। ২০১২ সালের জুন মাসে দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।অনুষ্ঠানে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের শুরুতেই সায়েদাবাদে প্রাক-পরিশোধন যন্ত্র বসানো হবে। এর ফলে শুকনো মৌসুমে শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করতে যেসব ওষুধ দেওয়া হয়, সেগুলো দিতে হবে না। এটা করা হলে পানিতে গন্ধ থাকবে না, পানি বিবর্ণ হবে না। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ের পানির লাইন আলাদা করা হবে, অন্য লাইনের সঙ্গে আন্তসংযোগ হবে না।তাঁর সরকার বিদ্যুৎ ও পানির এই সংকট মাথায় নিয়ে দায়িত্বে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে রেখে এসেছিলাম। আট বছর পর এসে দেখা যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন তো বাড়েইনি, বরং কমেছে।’বিদ্যুৎ-পানিসহ সেবা খাতের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য সম্ভব সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।’বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ গরমের দেশ। স্যুট পরে অফিসে যাওয়ার দরকার কি! সাধারণ পোশাকে অফিস করলে গরম কম লাগবে, এসিও চালাতে হবে না।’ তিনি বলেন, ‘পিয়নের ওপর ভর করে না থেকে কর্মকর্তাদের উচিত নিজেই বেরোনোর সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ করা।’ তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হয়েও নিজের হাতে সুইচ বন্ধ করি, অন্যরা কেন পারবেন না।’ প্রধানমন্ত্রী বলেন, অনেকেই পানির কল খুলে রেখে হাঁড়ি-বাসন মাজেন। সেভ করতে ব্রাশ ব্যবহার করার সময়ও কল খুলে রাখেন। এতে পানির অপচয় হয়। একটু সচেতন হলেই এ অপচয় বন্ধ করা যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূ-গর্ভস্থ পানির ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, ভূ-গর্ভস্থ পানি অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে পড়ছে। তিনি নদীর পানি পরিশোধন ও বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।সায়েদাবাদের পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায় এবং ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মহাপরিকল্পনা হিসেবে পদ্মা নদীর পানি এনে পাগলা বা কেরানীগঞ্জে শোধনাগার এবং মেঘনার পানি ব্যবহারের মাধ্যমে খিলক্ষেতে শোধনাগার নির্মাণে সম্ভাব্যতা যাচাই হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী নদীর পানিদূষণ রোধে শিল্পমালিক থেকে শুরু করে সাধারণ জনগণ—সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ঢাকার চারপাশের নদীগুলো পুনরুদ্ধারের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, সচিব মঞ্জুর হোসেন, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার এইচ জেনসেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বক্তব্য দেন।