বিদ্যুৎ প্রকল্প সহজে অনুমোদনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লাখনি উন্নয়নে যেখানে সম্ভব সেখানে উন্মুক্ত পদ্ধতি অনুসরণ করা উচিত। বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের বিদ্যমান দীর্ঘ প্রক্রিয়া পরিবর্তন করে একটি কমিটির হাতে দায়িত্ব দিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেকোনো প্রকল্পে অর্থায়ন ও ক্রয়-প্রক্রিয়া সহজ করা দরকার। সরকার ২০১৩ সাল পর্যন্ত প্রতিবছর বিদ্যুতের দাম ১২ শতাংশ বাড়ানোর যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বস্তরের গ্রাহকের স্বার্থ বিবেচনায় নিতে হবে। এসব সুপারিশ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) ‘প্রবৃদ্ধির জন্য জ্বালানি’ শীর্ষক সম্মেলনের। গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী অধিবেশনে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এসব সুপারিশ উপস্থাপন করেন।এ অধিবেশনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সুপারিশগুলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। সরকারও এসব ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছে, যার কোনো কোনোটি এখনো দৃশ্যমান নয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘সব মিলিয়ে আগামী জুন মাস নাগাদ আমরা সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখতে পাব।’উদ্বোধনী অনুষ্ঠান: গতকাল সকালে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের বিদ্যুৎ-সংকট অত্যন্ত ‘জটিল ও ব্যাপক’। বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ থেকে মূল্য নিরূপণ পর্যন্ত সব ক্ষেত্রেই সমস্যা রয়েছে। স্বাগত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, জ্বালানির পর্যাপ্ততা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপকরণ। বিদ্যমান সংকট উত্তরণ না হলে ভবিষ্যতে সব খাতেই বিনিয়োগ নিরুৎসাহিত হবে। বিদ্যুৎ-সংকট কাটাতে ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। ধন্যবাদসূচক বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের সহসভাপতি লতিফুর রহমান।অর্থমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে সংকটের অনেকখানিই উত্তরণ সম্ভব। ভবিষ্যতে পিপিপিতে ভালো কিছু দেখবেন বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। দরপত্র ছাড়াই বিনিয়োগ—ফিলিপাইনের এ অভিজ্ঞতা বাংলাদেশে খাটবে না বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কয়লা উত্তোলন করা গেলেই বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। গত এক বছরে এ খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তার ফল পাওয়া যাবে ভবিষ্যতে। বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বিদ্যুৎ না থাকায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নানা ঝক্কি পোহাতে হচ্ছে। সংকট দূর করতে ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে। ৫০ শতাংশ মানুষ এখনো বিদ্যুতের আলোবঞ্চিত—উল্লেখ করে আইসিসির গ্লোবাল প্রেসিডেন্ট ভিক্টর কে ফুঙ বলেন, এতে শিশুদের পড়াশোনা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রতিযোগিতাপূর্ণ বৈশ্বিক অর্থব্যবস্থায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে তারা।তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, শিগগিরই কয়লানীতি চূড়ান্ত করা হবে। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সরেন পিন্ড বলেন, প্রবৃদ্ধি ও উন্নয়ন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশের ক্ষেত্রে তা আরও বেশি সত্য, দেশটি যখন একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি-সংকটে ভুগছে। অন্যান্য অধিবেশন : উদ্বোধনের পর অনুষ্ঠিত ‘প্লেনারি’ অধিবেশনে বিদ্যুৎ, গ্যাস, কয়লা প্রভৃতি বিষয়ে সামগ্রিক আলোচনায় অংশ নেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক ও অন্য নির্ধারিত বক্তারা। এরপর একসঙ্গে তিনটি কক্ষে অনুষ্ঠিত হয় আলাদা তিনটি ‘ব্রেকআউট’ অধিবেশন।এর একটির বিষয় ছিল বিদ্যুৎ খাত। আইসিসি বাংলাদেশের অন্যতম সহসভাপতি সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিদ্যুৎ-সচিব মো. আবুল কালাম আজাদ এই খাতের সামগ্রিক চিত্র উপস্থাপন করেন। বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট স্টিভ উইলসন, মারুবেনি করপোরেশনের তোহিরো মারুও, পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির, বিকেএমইএর সভাপতি ফজলুল হক, রহিমআফরোজ গ্রুপের পরিচালক মুনাওয়ার মিসবাহ মইন প্রমুখ।এই অধিবেশনে বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, একটি প্রকল্প অনুমোদনের জন্য অন্তত পাঁচটির পরিবর্তে একটি কমিটিকে ক্ষমতা দিতে হবে। না হলে প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত হবে না। বক্তারা বলেন, সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলছে। কিন্তু স্বল্পমেয়াদি মানে কত দিন, তা নির্দিষ্ট করে বলতে হবে।‘খনিজ সম্পদ অনুসন্ধান ও রেগুলেটরি কাঠামো’ শীর্ষক আরেকটি অধিবেশনে বক্তারা বলেন, তীব্র জ্বালানি-সংকটের এই সময় দেশের গ্যাস, কয়লা প্রভৃতি জ্বালানি সম্পদ আহরণের কার্যকর উদ্যোগ নিতে হবে। এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন জ্বালানি খাতের সামগ্রিক চিত্র উপস্থাপন করেন। এর ওপর আলোচনায় আইনজীবী রফিক-উল হক বলেন, একজন মুমূর্ষু রোগীকে কোন হাসপাতালে নিয়ে যাবেন, তা নির্ধারণের জন্য দরপত্র আহ্বান করতে যাওয়া কোনো কাজের কথা নয়। বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের এখন মুমূর্ষু অবস্থা। আগে তাকে বাঁচানোর ব্যবস্থা করা দরকার।সাংসদ এম ফজলুল আজিম, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ প্রমুখ এই অধিবেশনে বক্তব্য দেন। তাঁরা বলেন, দেশে জ্বালানিসম্পদ আছে। দরকার তা অনুসন্ধান ও উত্তোলনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ এ (রুমী) আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পে অর্থায়ন’ শীর্ষক একটি অধিবেশন। এই অধিবেশনে বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ খুবই অকর্ষণীয়। এই বিনিয়োগ থেকে বছরে ২০ থেকে ২৫ শতাংশ হারে রিটার্ন আসে। এ হার বাংলাদেশের সমতুল্য অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। শেয়ারবাজার থেকেও বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য পর্যাপ্ত অর্থ পাওয়া সম্ভব বলেও অভিমত ব্যক্ত করা হয়।সংবাদ ব্রিফিং: সমাপনী অধিবেশনে সম্মেলনের সুপারিশমালা উপস্থাপনের পর মাহবুবুর রহমান সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রক্রিয়ায় বেসরকারি খাত দ্রুত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। কারণ, প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও দীর্ঘ। এটা অবশ্যই সহজ করতে হবে।সংবাদ ব্রিফিংয়ে আইসিসি বাংলাদেশের দুই সহসভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী ও লতিফুর রহমান উপস্থিত ছিলেন।