বিদ্যুৎ বিভাগের দুশ্চিন্তা এখন অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বিদ্যুৎ বিভাগের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। বর্তমানে খুলনা মহানগরে বিদ্যুতের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ অটোরিকশা চার্জ দিতে ব্যবহূত হচ্ছে। ফলে বিদ্যুতের ঘাটতি বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের শেষের দিক থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা আসতে শুরু করে। গত ছয় মাসে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি অটোরিকশা রাস্তায় নেমেছে। বর্তমানে নগরে প্রায় চার হাজার অটোরিকশা চলাচল করছে। এসব রিকশা সাধারণত সারা দিন চলাচল করে এবং রাতে সেগুলো চার্জ দেওয়া হয়। অটোরিকশাচালক খালিশপুরের মো. মানিক হোসেন জানান, সারা দিন গাড়ি চালানোর পর রাত আটটা থেকে ১০ ঘণ্টা ধরে চার্জ দিতে হয়। অপর চালক আবুল হোসেন জানান, বর্তমানে অনেকে নিজের বাসায় চার্জ দিলেও বেশির ভাগ অটোরিকশাই ভাড়ার গ্যারেজে রেখে চার্জ দেওয়া হয়। এ জন্য খুলনায় বেশ কিছু ব্যাটারি চার্জ দেওয়ার গ্যারেজ গড়ে উঠেছে। একেকটি অটোরিকশা রাত ১২টার পর থেকে প্রায় সারা রাতই চার্জ দেওয়া হয়। এর জন্য দৈনিক ভিত্তিতে টাকা দিতে হয়।খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স কর্মকর্তা মো. হারুন-অর-রশীদ জানান, বর্তমানে নগরে প্রায় দেড় হাজার নিবন্ধিত অটোরিকশা আছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া রয়েছে প্রায় আড়াই হাজার অটোরিকশা। খুলনা বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী সূত্রে জানা যায়, প্রতিটি অটোরিকশা প্রতি ঘণ্টা চার্জ দিতে দুই ইউনিট করে বিদ্যুৎ খরচ হচ্ছে। একটি রিকশা পূর্ণ চার্জ দিতে আট থেকে ১০ ঘণ্টা ব্যয় হয়। সেই হিসাবে প্রতিটি অটোরিশা চার্জ দিতে প্রতিদিন ১৬ থেকে ২০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। পিডিবির হিসাব অনুযায়ী, নগরে প্রায় চার হাজার অটোরিকশা চার্জ দিতে ৫ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে।খুলনা গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. কামরুল ইসলাম বলেন, খুলনা মহানগরে বিদ্যুতের চাহিদা ৪৫ থেকে ৫০ মেগাওয়াট। এর মধ্যে প্রায় পাঁচ-সাত মেগাওয়াট অটোরিকশার পেছনে ব্যয় হয়, যা মোট চাহিদার প্রায় ১০ শতাংশ। বিপুল পরিমাণ এই বিদ্যুৎ অন্যদিকে ব্যবহূত হওয়ায় বিদ্যুতের ঘাটতি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে লোডশেডিং।’