বিদ্যুৎ বিভ্রাটে দক্ষিণের ৫০টি বরফকল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কত্ত কষ্ট কইর্যা মোরা সাগরে যাই, আট থেকে ১০ দিন বইয়্যা জীবন বাজি রাইখ্যা মাছ ধরে কিনারে আই। হেই মাছ পানির দামে বেচি। খালি হাতে বাড়ি ফিরি, পোলা-মাইয়্যাগো দিকে চাইতে (তাকাতে) পারি না। তহন বুকটার মধ্যে কষ্টে মোচড় মারে। ইচ্ছা করে সব ছেড়েছুড়ে ওই গাঙ্গে ঝাঁপ দিয়া মরি।’ বরফের অভাবে মাছের মূল্য কম পাওয়ায় বরগুনার পাথরঘাটার গরিব জেলে আমির হোসেন আক্ষেপ করে এসব কথা বলেন। ১৩ এপ্রিল মৎস্য বন্দর পাথরঘাটায় স্থানীয় মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে বসে দুঃখ-দুর্দশার কথা বলতে বলতে তাঁর দুই চোখ বারবার অশ্রুতে ভিজে যাচ্ছিল। দক্ষিণের সাগর উপকূলের প্রায় আড়াই লাখ গরিব জেলের অভিব্যক্তি যেন তাঁর এই কথা। খোঁজ নিয়ে জানা গেছে বরগুনা, পাথরঘাটা, আমতলী, বেতাগী, তালতলী, মহীপুর, আলীপুর ও কুয়াকাটা এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৬০টি বরফকল আছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ফি বছর লোকসান গুনে এসব এলাকার প্রায় ৫০টি বরফকল বন্ধ হয়ে গেছে। মৎস্যকেন্দ্র বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর মহীপুরে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ছোট-বড় বরফকলে বরফ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রতিদিন আহরিত কয়েক কোটি টাকার মাছ জেলেরা পানির দরে বেচে দিতে বাধ্য হচ্ছেন। আর আড়তদারেরা বরফের অভাবে মাছ যথাযথভাবে প্রক্রিয়াজাত করতে না পারায় এর গুণগতমান নষ্ট হচ্ছে। অনেক সময় লাখ লাখ টাকার মাছ পচে যাওয়ায় লোকসানে পড়ছেন তাঁরা। পাথরঘাটা মৎস্য ব্যবসায়ী (আড়তদার) সমিতির সভাপতি মো. ছগীর হোসেন বলেন, ‘দিনে গড়ে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে না। প্রতিদিন ১০০ থেকে ১৫০ মণ মাছ প্রক্রিয়াজাত করতে যে বরফ দরকার, তা না পাওয়ায় অনেক মাছ পচে যায়। দক্ষিণাঞ্চলের সামুদ্রিক মৎস্য খাত থেকে সরকার বছরে কয়েক কোটি টাকা রাজস্ব পায়। অথচ এই খাতকে সচল রাখতে সরকারের কোনো ভূমিকা নেই। সামনে ইলিশ মাছের মৌসুমে বরফ সংকট থাকলে আমাদের ব্যবসা গুটিয়ে ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না।’ পাথরঘাটায় বর্তমানে ২২টি বরফকল রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় বিএফডিসির আওতায় পরিচালিত দুটি বরফকলের একটি বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে পাঁচ বছর ধরে বন্ধ। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ২০টি বরফকলের মধ্যে বর্তমানে চালু আছে সাতটি। এগুলো বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন করতে পারছে না। বরিশাল আইস ফ্যাক্টরির মালিক গোলাম মোস্তফা বলেন, ‘বরফ উৎপাদনের জন্য কমপক্ষে ২০ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু দিনে তিন ঘণ্টা বিদ্যুৎও পাই না। এক ক্যান বরফ উৎপাদন করতে ৬০ টাকা ব্যয় হয়। বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য জেনারেটর চালিয়ে বরফ উৎপাদন করতে হয় বলে খরচ অনেক বেশি পড়ে। সেই বরফ জেলেদের কাছে ৬০ টাকায় বিক্রি করি। এভাবে প্রতিদিন লোকসান দিতে হচ্ছে। কখন মিল বন্ধ হয়ে যায় সেই চিন্তায় আমরা দিশেহারা।’পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মৎস্যকেন্দ্রে রাজস্ব আদায় হয়েছে ৯২ লাখ ১৬ হাজার টাকা। এখানে প্রতি অর্থবছরে প্রায় ৫০০ কোটি টাকার মাছ কেনাবেচা হয়। সরকারের এত বড় একটি আর্থিক খাত এখন বিদ্যুতের অভাবে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।’ একই অবস্থা মৎস্য বন্দর মহীপুরেও। মহীপুরের বরফ কলমালিক মজনু গাজী বলেন, ‘এই বন্দরে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মণ টাইগার চিংড়ি ও ৪০০ থেকে ৫০০ মণ অন্যান্য সামুদ্রিক মাছ কেনাবেচা হয়। বৈশাখ মাস থেকে ইলিশের মৌসুম শুরু। বিদ্যুৎ পরিস্থিতি ভালো না হলে সামুদ্রিক মৎস্য খাত একেবারে ধ্বংস হয়ে যাবে।’মহীপুরের আড়তদার সমিতির সভাপতি গাজী ফজলুল হক বলেন, ‘এই বন্দরে বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকার মাছ কেনাবেচা হয়। অথচ সরকারের কাছ থেকে আমরা বিন্দুমাত্র সুবিধা পাচ্ছি না। বোরো মৌসুমে উত্তরাঞ্চলে যেভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নেয়, তেমনি মৎস্যনির্ভর অর্থনীতি সচল রাখতে বিশেষ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ নেওয়া দরকার। অন্যথায় আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’বিদ্যুৎ বিভাগের বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ১৯ এপ্রিল জেলায় ১০ বার এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হয়েছে।’