বিদ্যুৎ বিলে নতুন ঘাপলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিলে নতুন ঘাপলা বাধিয়েছে বিতরণকারী কোম্পানিগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দাম এবং ধাপ (স্লাব) উপেক্ষা করে ইচ্ছামতো এসব বিল করা হচ্ছে। এ ছাড়া কোনো কোনো গ্রাহককে আজগুবি বিল দিয়ে বিড়ম্বনায় ফেলা হচ্ছে।গ্রাহকেরা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ বিইআরসির কাছেও এসেছে। জানতে চাইলে বিইআরসির সদস্য সেলিম মাহমুদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে বিতরণ কোম্পানিগুলোকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। লিখিত নির্দেশনাও পাঠানো হচ্ছে। তার পরও কোনো গ্রাহক প্রতিকার না পেলে সরাসরি বিইআরসিকে জানাতে পারেন।মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ির একজন গ্রাহক জানান, কয়েক দিন আগে তাঁকে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। তাতে ১১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহূত বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ওই গ্রাহকের অভিযোগ দুটি। প্রথমত, বিলে এক মাসের বেশি সময়ের বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে, যা বিধিসম্মত নয়।দ্বিতীয়ত, আগস্টে বিদ্যুতের যে দাম এবং ধাপের যে হিসাব ছিল, বিইআরসি সেপ্টেম্বর মাস থেকে তা পরিবর্তন করেছে। কিন্তু হিসাব করে দেখা যায়, আগস্ট ও সেপ্টেম্বরের আলাদা দাম ও ধাপ হিসাব করে বিল করা হয়নি। কাজেই বিলটি সঠিক নয়।নগরের উত্তরা এবং বনানী থেকেও কয়েকজন গ্রাহক এ ধরনের বিল পেয়েছেন বলে অভিযোগ করেছেন। ডেসকো সূত্র জানায়, বিষয়টি সম্পর্কে তারাও জেনেছে। এ ব্যাপারে বিইআরসির সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। তারা বলেছে, এ ধরনের বিলগুলো পরে সংশোধন ও সমন্বয় করে দেবে।আজগুবি বিল: ঢাকার দক্ষিণ কাফরুলের ৪৫২ নম্বর বাড়ির (নাজ রজনীগন্ধা-১) একজন গ্রাহক আজগুবি এক বিদ্যুৎ বিল পেয়েছেন। গত আগস্টে ওই গ্রাহকের বিদ্যুৎ বিল এসেছিল (১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত) এক হাজার ৮৩৩ টাকা। তাঁর বাসায় এ রকমই বিল আসে বলে ওই গ্রাহক জানান। কিন্তু সেপ্টেম্বর মাসে (বিদ্যুৎ ব্যবহারের সময় দেখানো হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে ১২ আগস্ট) তাঁকে বিল দেওয়া হয়েছে ৪৯ হাজার ৬৫০ টাকার।এই বিল পেয়ে ওই গ্রাহকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কারণ, বিলের ওই অঙ্ক তাঁর দুই বছরের মোট বিলের চেয়েও বেশি। তা ছাড়া এ ক্ষেত্রেও আগস্ট মাসের বিদ্যুৎ বিল আগস্ট ও সেপ্টেম্বর মাসের আলাদা দাম ও ধাপ হিসাব করে করা হয়নি।ডেসকোর কয়েকজন কর্মকর্তা বলেন, সেপ্টেম্বর মাসের বিলটিতে নিশ্চয়ই ভুল হয়েছে। গ্রাহক সংশ্লিষ্ট কার্যালয়ে গেলে বিলটি পরীক্ষা করে সংশোধন করে দেওয়া হবে। তবে কয়েকজন গ্রাহক বলেন, এ রকম বিল পাওয়ার অভিজ্ঞতা তাঁদেরও আছে। সংশোধনের জন্য গেলে তাঁদের নানা রকম প্রক্রিয়ার মধ্যে ফেলা হয়েছে। যেমন—মিটার পরীক্ষা করা, বাসার বৈদ্যুতিক যন্ত্রপাতি হিসাব করা প্রভৃতি।মিটার রিডারদের কারসাজি: অনেক গ্রাহকের অস্বাভাবিক বিল আসছে মিটার রিডারদের কারসাজিতে। ঘুষের বিনিময়ে কোনো কোনো গ্রাহকের বিল কমিয়েও দেওয়া হচ্ছে। আবার মিটার না দেখে ইচ্ছামাফিক বিল করার ঘটনাও অহরহ ঘটছে। এসব অভিযোগ বিইআরসির কাছেও নতুন নয়।বিইআরসির সদস্য সেলিম মাহমুদ বলেন, এসব ব্যাপারে নতুন নির্দেশনা দিয়ে বিতরণকারী সংস্থাগুলোর কাছে চিঠি দেওয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, আগামী মাস (নভেম্বর) থেকে মিটার রিডাররা দুটি কার্ড নিয়ে গ্রাহকের বাসায় যাবেন। একটি মিটারের বিপরীতে একটি কার্ড গ্রাহককে দেবেন, অপরটি মিটার রিডার নিজের কাছে রাখবেন। মিটার রিডার গ্রাহকের মিটার পরীক্ষা করে ব্যবহূত বিদ্যুতের পরিমাণ উভয় কার্ডে লিখবেন এবং তাতে গ্রাহক ও মিটার রিডার উভয়ে সই করবেন। প্রতি মাসে প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে এ নিয়ম চালু থাকবে।এ ছাড়া গ্রাহকের মিটার পাওয়া সহজ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক পরিবারের জন্য একটি মিটারের পরিবর্তে প্রতি পরিবারের জন্য আলাদা মিটার দেওয়া নিশ্চিত করা হবে বলেও বিইআরসি জানিয়েছে।