বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান সেচ-মৌসুমে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এর ব্যবহারে মিতব্যয়ী হতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারাও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অভিযানে শরিক হন।’ আজ বুধবার হোটেল শেরাটনে চার দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, সরকার বাম্পার ফলনের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেচ খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। এ কারণে জনগণ বিদ্যুৎ-সংকটে ভুগছে।শেখ হাসিনা বিদ্যুৎ উত্পাদন বৃদ্ধিতে সরকারের পদক্ষেপের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন, তাঁর সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার গত এক বছরে জাতীয় গ্রিডে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে। এ বছর আরও ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে উল্লেখ করে তিনি বলেন, এতে সংকট অনেকটাই কমবে।প্রধানমন্ত্রী বিদ্যুৎ উত্পাদনে অবহেলার জন্য বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, ওই সময় এক মেগাওয়াট বিদ্যুৎও উত্পাদিত হয়নি, বরং তত্কালীন জোট সরকার জনগণের অর্থের অপচয় ও দুর্নীতির মাধ্যমে এ খাতকে ধ্বংস করেছে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের আগের মেয়াদকালে (১৯৯৬-২০০১) সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কারণে বিদ্যুৎ উত্পাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়িয়েছিল চার হাজার ৩০০ মেগাওয়াটে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এরপর ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে এক মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনেরও কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি তারা বিদ্যুৎ উত্পাদনের প্রধান উত্স গ্যাস অনুসন্ধানেরও কোনো চেষ্টা চালায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার গ্যাস অনুসন্ধানেরও উদ্যোগ নিয়েছে।প্রধানমন্ত্রী শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি তাঁদের নিজ নিজ কার্যালয়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা আপনাদের অফিসে মিতব্যয়ী হয়ে যেটুকু বিদ্যুৎ সাশ্রয় করবেন, আমরা তা শিল্প খাতে ব্যবহার করতে পারব।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিদ্যুতের ওপর চাপ কমাতে সৌরবিদ্যুত্ ও বায়োগ্যাস ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী (অব.) ফারুক খান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, এক্সিয়াটা বাংলাদেশ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কুয়েচনার প্রমুখ।