বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছতা সাধনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিদ্যুৎ উত্পাদনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ও অনেক গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ উত্পাদনে সরকারকে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় হয়। এজন্য বিদ্যুতের যথেচ্ছ ব্যবহার কাম্য নয়। দেশবাসীর কাছে বিদ্যুতের অপচয় না করতে এবং এর ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ জানান তিনি।’বাসসের খবরে বলা হয়, আজ রোববার ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ৭ দশমিক ১১ একর জমিতে বিওও পদ্ধতিতে পাওয়ার প্যাক-মুতিয়ারা ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন। সিকদার গ্রুপের প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিং এই কেন্দ্রটি নির্মাণ করে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত প্রায় চার বছরে বিদ্যুতসহ দেশের আর্থ-সামাজিক প্রতিটি খাতেই অনন্য অর্জন সাধিত হয়েছে। অক্লান্ত পরিশ্রমের সুফল জনগণ পাচ্ছে।’ তিনি বলেন, তাঁর সরকার পুরোনো বিদ্যুৎ কেন্দ্রগুলো সংস্কারের পাশাপাশি দ্রুত চাহিদা পূরণে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে অগ্রাধিকার দেয়। এতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট এবং বড় বড় বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হয়। এরই মধ্যে সরকারি ও বেসরকারি খাতে প্রায় ৮০০ কোটি ডলার বিনিয়োগও হয়েছে।ইতিমধ্যে ৫২টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৩ হাজার ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রয়াসের প্রশংসা করে বলেন, ‘আমরা সর্বোচ্চ ৬ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনে সক্ষম হয়েছি এবং আমাদের উত্পাদন সামর্থ্য ৮ হাজার ৪২৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে।’শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি বিদ্যুৎ উত্পাদন করতে সক্ষম হয়েছি। ৫৮ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের আওতায় এসেছে। ২৫ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হয়েছে যাদের অধিকাংশই গ্রামাঞ্চলে বাস করে।’‘বর্তমানে জাতীয় প্রয়োজনে উত্পাদনে রেশনিং করার কারণে এখনো কিছুটা লোডশেডিং আছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। ভারত থেকেও বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনকে উত্সাহিত করছি।’ তিনি বলেন, তাঁর সরকার প্রতিটি এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এবং উত্পাদনের পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নেও কাজ করছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এম এনামুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় সংসদে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া, নসরুল হামিদ বিপু, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ ও শিকদার গ্রুপের চেয়ারম্যান জায়নুল হক সিকদার অনুষ্ঠানে বক্তৃতা করেন।এছাড়া অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব এম আবুল কালাম আজাদ স্বাগত বক্তৃতা দেন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান ধন্যবাদ জ্ঞাপন করেন।