প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পাগলায় ডিজেলচালিত ৫০ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের। বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ডিজেল প্লান্ট, স্থানীয় প্রিমোরডিয়াল এনার্জি লিমিটেড এবং জার্মানির এগ্রিটেক এজির সঙ্গে যৌথ উদ্যোগে ডিপিএ পাওয়ার জেনারেশন ইন্টারন্যাশনাল লিমিটেড এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে। গত বছরের ১৫ জুলাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে ডিজেলচালিত এই কেন্দ্রটি স্থাপনের চূড়ান্ত চুক্তি হয়। এরপর ২৪ নভেম্বর এই কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হলেও গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে জরুরি, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। সরকার বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরতা হ্রাস করতে বহুমুখী বিদ্যুৎ-ব্যবস্থা চালু করেছে। এ ছাড়া জরুরি ভিত্তিতে লোডশেডিং কমাতে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস অনুসন্ধানের পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যে ভূকম্পন জরিপ সম্পন্ন হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও গ্যাস অনুসন্ধানে কোনো পদক্ষেপ নেয়নি। ১৯৯৬ সালে তাঁর পূর্ববর্তী সরকার বিদ্যুৎ উৎপাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল। কিন্তু সাত বছর পর ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে তাঁরা পেয়েছেন মাত্র তিন হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ।প্রধানমন্ত্রী চার মাসের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্রের কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে এখানে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মজুদদারদের প্রতি খাদ্যদ্রব্য মজুদের অসুস্থ মানসিকতা পরিহার করার আহ্বান জানান। তিনি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, তাঁর সরকার অবৈধভাবে খাদ্য মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, সাংসদ সারাহ বেগম কবরী, সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির, ডিপিএ পাওয়ার জেনারেশন প্লান্ট লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম জাকারিয়া বক্তৃতা করেন।এর আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।