দেশের চলমান বিদ্যুৎ-সংকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মহাজোট সরকারের সাংসদেরা।গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে আশঙ্কা প্রকাশ করে কয়েকজন সাংসদ বলেন, আগামী নির্বাচনে যাতে মহাজোট সরকারের ভরাডুভি না হয়, সেজন্য দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে।সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সাংসদেরা নিজ নিজ এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার দাবি করেন এবং বিদ্যমান লোডশেডিংয়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমার এলাকা মিরপুরে মধ্যরাতে বিদ্যুৎ থাকে না। এ অবস্থা চললে আগামী নির্বাচনে জনগণ মহাজোটকে ভোট দেবে না।’ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, ‘নির্বাচনী এলাকার ১০০ জন লোক আমার সঙ্গে দেখা করলে ৮০ জনই বিদ্যুৎ দাবি করেন। মন্ত্রীর কাছে প্রশ্ন, আমার এলাকার মানুষের দাবি পূরণ করবেন কী না?’ জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুতের কারণে গত সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সরকারের ভরাডুবি হয়েছিল। ভবিষ্যতে আমাদের এ অবস্থা যাতে না হয় সেজন্য আগেই ব্যবস্থা নিন।’ তিনি বলেন, ‘মহাজোটের সাড়ে তিন বছর চলে গেছে। বাকি সময়ের মধ্যে আমাদের নির্বাচনী এলাকায় কী পরিমাণ বিদ্যুৎ দিতে পারবেন তা স্পষ্ট করতে হবে।’আতিউর রহমান বলেন, ‘গত নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকার সাংসদেরা বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাধারণ মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। কিন্তু সরকারের সময় আছে মাত্র দেড় বছর। এ সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে কি না?’জবাবে প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, ‘সারা দেশে বিদ্যুতের সুষম বণ্টন করা হচ্ছে। পথনকশা অনুসারে সরকার কাজ করছে।’ তিনি বলেন, ‘যা ভেবেছিলাম, বিদ্যুতের চাহিদা তারচেয়ে অনেক বেশি। এ ছাড়া গ্রাহকসংখ্যা বেড়েছে প্রায় ৪০ লাখ। এ জন্য বিদ্যুতের সংকট হচ্ছে। তবে এ সংকট স্থায়ী হবে না।’বিদ্যুৎ প্রতিমন্ত্রী নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের বিভিন্ন উদ্যোগের ফিরিস্তি দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশন কক্ষে ছিলেন। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।বিএনপির সাংসদ হারুনুর রশীদের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য চাহিদামতো গ্যাস না পাওয়ায় ক্রমবর্তমান চাহিদা মেটাতে বর্তমানে ব্যয়বহুল তরল জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এতে ব্যয় বাড়ছে এবং সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। ভর্তুকির পরিমাণ সীমিত রাখতে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও তেল অনুসন্ধানের জন্য দেশের কোনো এলাকা বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়নি। তবে দেশের চাহিদা মেটানোর লক্ষ্যে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি চারটি আন্তর্জাতিক তেল কোম্পানিকে কয়েকটি ব্লক বরাদ্দ দেওয়া হয়েছে।এ বি এম আবুল কাশেমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীর উত্তরা, গুলশান, বারিধারা, বনানী, বাড্ডা এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহের জন্য তিন লাখ প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যে খসড়া প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে।ডিটিএইচ আসছে: কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, কেব্ল অপারেটরদের দৌরাত্ম্য রোধে এবং সাধারণ নাগরিকদের নাগালের মধ্যে টেলিভিশনকে নিয়ে যেতে ডাইরেক্টর টু হোম (ডিটিএইচ) সার্ভিস চালুর বিষয় সরকারের বিবেচনাধীন।বেনজির আহমদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে ২২২টি দৈনিক ও ৩৩৩টি সাপ্তাহিক পত্রিকার ছাড়পত্র দেওয়া হয়েছে।