দেশের চলমান বিদ্যুৎ সংকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মহাজোট সরকারের সাংসদেরা। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আশঙ্কা প্রকাশ করে তাঁরা বলেন, আগামী নির্বাচনে যাতে মহাজোট সরকারের ভরাডুবি না হয়, সে জন্য দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সাংসদেরা নিজ নিজ এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার দাবি করেন এবং বিদ্যমান লোডশেডিংয়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। সাংসদদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক নতুন বিদ্যুেকন্দ্র স্থাপনে সরকারের বিভিন্ন উদ্যোগের ফিরিস্তি দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুতের কারণে নবম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সরকারের ভরাডুবি হয়েছিল। ভবিষ্যতে আমাদের এ অবস্থা যাতে না হয়, সে জন্য আগেই ব্যবস্থা নিন। কারণ নির্বাচন ঘনিয়ে আসছে। আমাদের জনগণের কাছে যেতে হবে। মহাজোটের সাড়ে তিন বছর চলে গেছে। বাকি সময়ের মধ্যে আমাদের নির্বাচনী এলাকায় কী পরিমাণ বিদ্যুৎ দিতে পারবেন, তা স্পষ্ট করতে হবে।আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার বলেন, আমার এলাকা মিরপুরে মধ্যরাতে বিদ্যুৎ থাকে না। এ অবস্থা চললে আগামী নির্বাচনে জনগণ মহাজোটকে ভোট দেবে না।ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, নির্বাচনী এলাকার ১০০ জন লোক আমার সঙ্গে দেখা করলে ৮০ জনই বিদ্যুৎ দাবি করেন। মন্ত্রীর কাছে প্রশ্ন, আমার এলাকার মানুষের দাবি পূরণ করবেন কি না? আতিউর রহমান বলেন, গত নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকার সাংসদেরা বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাধারণ মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। কিন্তু সরকারের সময় আছে মাত্র দেড় বছর। এ সময়ের মধ্যে প্রতিশ্রুতির বাস্তবায়ন করা সম্ভব হবে কি না? জবাবে প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, সারা দেশে বিদ্যুতের সুষম বণ্টন করা হচ্ছে। বিদ্যুতের পথনকশা অনুসারে সরকার কাজ করছে। আমরা যা ভেবেছিলাম, বিদ্যুতের চাহিদা তার চেয়ে অনেক বেশি। এ ছাড়া গ্রাহকসংখ্যা বেড়েছে প্রায় ৪০ লাখ। এ জন্য বিদ্যুতের সংকট হচ্ছে। তবে এ সংকট স্থায়ী হবে না।