সাংবাদিকদের এরশাদ
বিদ্যুৎ-সংকট নিয়ে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীকে ভাষণ দেওয়ার আহ্বান
সরকার কবে নাগাদ বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংকটের সমাধান করতে পারবে—এ বিষয়ে রেডিও-টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, জনগণের কাছে প্রধানমন্ত্রীর বলা উচিত যে সরকার এই সংকট মোকাবিলায় কী কী করছে।আজ শনিবার বেলা সাড়ে তিনটায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এ কথা বলেন।এরশাদ বলেন, দেশে বিদ্যুতের মারাত্মক সংকট চলছে। বিদ্যুতের জন্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এই সমস্যা যে এই সরকারের আমলে হয়েছে, তা নয়। এটা পুঞ্জিভূত সমস্যা। আগের সরকারের (চারদলীয় জোট সরকার) আমলে এক মেগাওয়াট বিদ্যুৎও উত্পাদিত হয়নি।এরশাদ বলেন, একই সঙ্গে গ্যাস ও পানির সংকটও প্রকট আকার ধারণ করেছে। সরকারের পক্ষে এই সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়েছে। তবে বিদ্যুতের সংকট কমলে পানির সংকটও কমবে। প্রধানমন্ত্রীর উদ্দেশে এরশাদের অনুরোধ, ‘বিদ্যুৎ সমস্যার আশু সমাধান করা উচিত। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি দেশবাসীকে মিডিয়ার মাধ্যমে বলুন, কবে তাঁরা বিদ্যুৎ দিতে পারবেন। জনগণের কাছে বলা উচিত, আমরা চেষ্টা করছি।’এরশাদ বলেন, ‘এখন ধৈর্য ধারণ ছাড়া পথ নেই। তিনি (প্রধানমন্ত্রী) যদি অনুরোধ করেন আর বলেন যে আমরা উত্পাদন বাড়ানোর চেষ্টা করছি, তাহলে জনগণ আশ্বস্ত হতে পারবে।...নতুন বিদ্যুেকন্দ্র করতে দুই থেকে তিন বছর সময় লাগে। এই সরকারের সময় তো কেবল এক বছরের কিছু বেশি হয়েছে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইছেন শহরের মানুষ বঞ্চিত হলেও যেন গ্রামের মানুষ বিদ্যুৎ পায়। ওরা ফসল ফলায়। এখন জমিতে পানি দরকার। সেচ মৌসুমে বিদ্যুৎ পাওয়া না গেলে বোরো চাষে প্রভাব পড়বে।গত এক বছরে সরকার বিদ্যুৎ খাতে কতটুকু কাজ করতে পেরেছে বলে মনে করেন—জানতে চাইলে এরশাদ বলেন, সরকার বলেছে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উত্পাদন করেছে। এটা যথেষ্ট নয়। এখনো এক থেকে দেড় হাজার মেগাওয়াট ঘাটতি আছে। কীভাবে এটা দূর করা হবে, তা নিয়ে ভাবতে হবে। কারণ বিদ্যুৎ, পানি ও গ্যাসের সমস্যার সমাধান করতে না পারলে জনগণ অসন্তুষ্ট হয়ে উঠবে।১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি ছিল। আমাদের ইশতেহারেও ছিল। এখন সরকার এই প্রতিশ্রুতি পালনের প্রক্রিয়া শুরু করেছে।’ সাধারণ আইনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, সরকার হয়তো দ্রুত বিচার শেষ করতে চাইছে। সে জন্যই বিশেষ ট্রাইব্যুনাল করেছে।সরকার এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু কাজ করেছে, তাতে বিচারপ্রক্রিয়া স্বচ্ছ হবে বলে মনে করেন কি না—জানতে চাইলে এরশাদ বলেন, ‘যেহেতু আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন, সেহেতু বিচার স্বচ্ছ হতে বাধ্য। সরকারের বিকল্প পথ নেই। স্বচ্ছভাবে খোলাখুলি বিচার হবে। এটাই আমরা আশা করি এবং তা হবে।’জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধ বিষয়ে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিছু বলা নেই। যুগোস্লাভিয়াতেও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হয়েছে। আমরা শুধু বলতে পারি, আমরা চাই বিচার যেন স্বচ্ছ হয়।’