বিদ্যুৎ সংকটে বাড়ছে ক্ষোভ
পবিত্র রমজানের শুরুতেই ভয়াবহ হয়ে উঠেছে ঢাকাসহ সারা দেশের বিদ্যুৎ-পরিস্থিতি। দিনের শুরু থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত লোডশেডিং হচ্ছে দফায় দফায়। বিক্ষুব্ধ মানুষ এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। বিদ্যুৎ-সংকটে জনজীবন বিপর্যস্ত হওয়ায় সড়ক অবরোধ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ মানুষ ভাঙচুরও করেছে। গত সোম ও গতকাল মঙ্গলবার এ ধরনের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লা, মুন্সিগঞ্জের গজারিয়া ও গাজীপুরে। এ ছাড়া গত রোববার বিদ্যুৎ অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে কিশোরগঞ্জের ভৈরবে।প্রথম রোজা শুরুর প্রাক্কালে বিদ্যুৎ-পরিস্থিতি ছিল এ বছরের মধ্যে সবচেয়ে অসহনীয়। তবে পিডিবি সূত্রের দাবি, পরিস্থিতি ক্রমান্বয়ে ভালো হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়বে। ব্যবস্থাপনাও উন্নত হবে। লোডশেডিং কমবে। রোজা শুরুর আগের দিন, গত সোমবার সারা দেশে লোডশেডিং এক হাজার আট মেগাওয়াট ছিল বলা হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, বাস্তবে লোডশেডিং ছিল দুই হাজার মেগাওয়াটের মতো।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, অতিরিক্ত লোডশেডিং ও ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার ক্ষুব্ধ মানুষ গতকাল ভোর পাঁচটার দিকে গজারিয়া উপজেলার মেঘনা বাসস্ট্যান্ড, বালুয়াকান্দি, ভাটের চর, আনারপুরা স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তাতে কেরোসিন ও পেট্রলজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ এলেও সহস্রাধিক ক্ষুব্ধ ব্যক্তির কাছে তারা ছিল অসহায়। জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উভয় দিকের মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে হাজার হাজার যাত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনার আশ্বাস দেন। জনপ্রতিনিধিরা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমলে তাঁরাও জনতার সঙ্গে কঠোর আন্দোলনে নামবেন। বেলা একটার দিকে অবরোধ তুলে নেয় জনতা। ধীরে ধীরে চলতে থাকে গাড়ি। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্তও যান চলাচল স্বাভাবিক ছিল না। অতিরিক্ত লোডশেডিংয়ের ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-১ কার্যালয়ের গজারিয়ার উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ত্রুটি সারার পর এক সপ্তাহের মধ্যে লোডশেডিং স্বাভাবিক হয়ে যাবে।’ গাজীপুরে কার্যালয় ভাঙচুর: গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরে সোমবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যে ছিল। অনেক স্থানে তারাবি, সেহির ও ফজরের নামাজের সময়ও বিদ্যুৎ ছিল না। অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ মুসল্লিরা গতকাল ফজরের নামাজের পর সদরের নলজানি এলাকায় ঢাকা সড়কের পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের জেলা কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা ওই কার্যালয় প্রাঙ্গণে রাখা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গাজীপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সৈয়দ অহিদুল ইসলাম বলেন, ‘গাজীপুরে বিদ্যুতের চাহিদা ১৬০ মেগাওয়াট। কিন্তু পাচ্ছি মাত্র ৪৫ মেগাওয়াট। এ কারণে নিয়মিত বিদ্যুৎ দিতে সমস্যা হচ্ছে।’ প্রথম রোজার প্রস্তুতির রাত: গত সোমবার দিবাগত রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চার থেকে ছয়বার পর্যন্ত লোডশেডিং হয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন রাজধানীর শ্যামলী ২ নম্বর রাস্তার কাজী অফিস এলাকার বাসিন্দাদের প্রথম সেহির খেতে হয়েছে লোডশেডিংয়ের মধ্যে। তার আগে, রাত সোয়া একটা থেকেও ওই এলাকায় এক ঘণ্টা লোডশেডিং করা হয় বলে জানান এলাকার মানুষ। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) আওতাধীন মিরপুর ১১ নম্বর সেকশনের বি এবং সি ব্লকেও প্রথম সেহিরর সময় বিদ্যুৎ ছিল না। এর আগে সেখানেও রাত একটা থেকে দুইটা পর্যন্ত যে লোডশেডিং করা হয়, তা ছিল ওই রাতের চতুর্থবারের লোডশেডিং। রাত একটা থেকে দুইটা পর্যন্ত চতুর্থবারের মতো লোডশেডিং করা হয় মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর রাস্তা ও তার সংলগ্ন এলাকায়ও। ঢাকার এমন কোনো এলাকা নেই, যেখানে গত সোমবার সন্ধ্যা থেকে রাতভর চার-পাঁচবার এক ঘণ্টা করে লোডশেডিং না হয়েছে। নগরের শান্তিবাগ, কল্যাণপুর, মুগদাপাড়া, বাসাবো, মানিকনগর, লালবাগ-পোস্তা, কামরাঙ্গীরচর প্রভৃতি এলাকা থেকে অসহনীয় লোডশেডিংয়ের কথা জানিয়েছেন গ্রাহকেরা। গত সোমবার দিনের বেলায়ও ঢাকার প্রতিটি এলাকায় চার-পাঁচবার করে লোডশেডিং হয়েছে।প্রথম রোজা: আগের দিনের মতো গতকাল মঙ্গলবার, প্রথম রোজার দিনের সকালও অনেক স্থানেই শুরু হয়েছে লোডশেডিং দিয়ে। গতকাল সকাল সাতটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চার-পাঁচবার লোডশেডিং হওয়ার খবর পাওয়া গেছে মিরপুর ৬, ২, ১১ নম্বর সেকশন, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর, শান্তিনগর, মুগদাপাড়া ও পুরান ঢাকার কয়েকটি এলাকা থেকে। প্রথম রোজার ইফতারির সময়ও ঢাকার একাধিক স্থানে লোডশেডিং হয়েছে।ঢাকার বাইরের চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে, পল্লী বিদ্যুতের (আরইবি) আওতাধীন এলাকাগুলো থেকে ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। আরইবি সূত্র জানায়, তাঁরা গত সোমবার ও গতকাল মঙ্গলবার বিদ্যুৎ পেয়েছেন চাহিদা তুলনায় অর্ধেক।বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের ধাওয়া: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের রড ও লাঠি নিয়ে ধাওয়া করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গত সোমবার রাত দুইটার দিকে বিভিন্ন হলের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী চৌরঙ্গী এলাকা থেকে বিদ্যুতের দাবিতে মিছিল বের করে করেন। পরে তাঁরা উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ, যুগ্ম সম্পাদক আজগর আলীসহ ২৫-৩০ জন কর্মী রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন। পরে শিক্ষার্থীরা সেখান থেকে পালিয়ে নিজ নিজ হলে চলে যান।