বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার নির্দেশ
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশবাসীকে দুটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক. বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার)—সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতাল ও হোটেল-রেস্তোরাঁ ছাড়া সর্বত্র শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ থাকবে। দুই. অন্য সময় (অফ পিক আওয়ার) এসি ২৫ ডিগ্রির নিচে থাকবে না। আজ মঙ্গলবার বিকেলে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিইআরসি এই নির্দেশনা দেয়।একই সঙ্গে এ ব্যাপারে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছে বিইআরসি।বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যাঁরা এসি চালান, তাঁদের জন্য এই নির্দেশনা। তাঁরা যদি এই নির্দেশনা মানেন, তাহলে তাঁদের কিছুটা কষ্ট হলেও অন্যদের একটু সুবিধা হবে। কিছু বিদ্যুৎ বেশি পাবে।আর কেউ যদি এই নির্দেশনা না মানেন—এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, না মানলে বিইআরসি আইনে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তবে বিইআরসি সবাইকে এটা মানার জন্য অনুরোধ জানাচ্ছে। বিইআরসি আশা করে, চলমান বোরো মৌসুমে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া এবং আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কিছুটা হলেও বেশি বিদ্যুৎ দিয়ে কষ্ট লাঘবের জন্য দেশবাসী এটা মানবেন।সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, এসির জন্য কত বিদ্যুৎ ব্যবহূত হয় এবং বিইআরসির নির্দেশনা মানা হলে কত মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এর জবাবে চেয়ারম্যান বলেন, এসির জন্য কত মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহূত হয়, তা তাঁরা জানেন না। বিইআরসির নির্দেশনা মানা হলে ২০০, ৩০০ কিংবা ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে।এর পরের প্রশ্ন হলো এসির জন্য মোট ব্যবহূত বিদ্যুতের পরিমাণ জানা না থাকলে কিসের ভিত্তিতে বলছেন যে, ২০০, ৩০০ বা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হতে পারে? এর জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে জেনেছি।’