বিদ্যুৎ সুবিধা পাবে সাত লাখ নতুন গ্রাহক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, সাত লাখ ২৮ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দিতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ২০১৩-১৪ অর্থবছরের মধ্যে ১৮ হাজার ৪৩০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপিদলীয় সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাসস।প্রতিমন্ত্রী বলেন, দেশের সব অবিদ্যুতায়িত গ্রামে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর লক্ষ্যে পল্লি বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় চার লাখ ১৮ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।মোহাম্মদ এনামুল হক বলেন, দেশের ৫৮টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ১০ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ২০১২ সালের মে পর্যন্ত নয় লাখ ৩৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।মোহাম্মদ এনামুল হক বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্প্রতি অনুমোদিত ‘পল্লি বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৭০টি পল্ল¬ী বিদ্যুৎ সমিতির আওতায় ৪৫৩টি উপজেলায় ৪৫ হাজার কিলোমিটার বিতরণ লাইনের মাধ্যমে ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি ২০১৫ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, পল্ল¬ী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে বিল্ড ওন অপারেট (বিওও) ভিত্তিক পাঁচটি আইপিপি কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জে ৫০ মেগাওয়াট, টাঙ্গাইলে ২০ মেগাওয়াট, মানিকগঞ্জে ৫০ মেগাওয়াট, নবাবগঞ্জে ৫০ মেগাওয়াট, মুন্সিগঞ্জে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্ল্যান্টের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। ২০১৩ সালের নভেম্বর-ডিসেম্বরে এসব প্ল্যান্ট উৎপাদনে আসবে।