বিদ্যুৎঘাটতি ১৩৩৬ মেগাওয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, বর্তমানে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি এক হাজার ৩৩৬ মেগাওয়াট। আর গ্যাসের ঘাটতি ৫০০ মিলিয়ন ঘনফুট। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।লুৎফুর রহমানের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, চাহিদা অনুযায়ী উৎপাদন না বাড়ায় কয়েক বছর ধরে গ্যাসের সংকট বাড়ছে। তিনি বলেন, গ্যাস-সংকটের কারণে প্রায় দুই বছর ধরে নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ কারণে প্রতিশ্রুতি প্রাপ্ত ২৩৭টি শিল্পপ্রতিষ্ঠানকে গ্যাস দেওয়া যাচ্ছে না। ২০০৯ সালের ২১ জুলাই থেকে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ করায় ওইসব প্রতিষ্ঠানেও গ্যাস দেওয়া যাচ্ছে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৩১ মে পর্যন্ত এক হাজার ৫৫৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে বর্তমানে দৈনিক দুই হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি চাহিদার বিপরীতে উৎপাদন হয় দুই হাজার মিলিয়ন ঘনফুট। গ্যাসের দৈনিক উৎপাদন দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন করে পাইপলাইন সম্প্রসারণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুচরা গ্রাহকের মাসিক বিলের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। চলতি মাসের বিলসহ ৫৩০ কোটি টাকা বকেয়া রয়েছে।’মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত দুই অর্থবছরে সরকার জ্বালানি তেলে সরাসরি কোনো ভর্তুকি দেয়নি।অপু উকিলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে ৪০টি সৌরচালিত সেচপাম্প স্থাপনের দুটি প্রকল্প নেওয়া হয়েছে।ইমাজ উদ্দিন প্রমাণিকের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় সাতটি বিভাগের জন্য পাঁচটি বিভাগীয় বিতরণ লাইন সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ১৮ হাজার ২০০ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ৭২ হাজার গ্রাহককে সংযোগ দেওয়া হবে।