বিদ্যুৎপরিস্থিতি এখনো আবহাওয়ানির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিদ্যুৎ-পরিস্থিতি এখনো প্রধানত আবহাওয়ানির্ভরই রয়ে গেছে। দু-এক দিন বৃষ্টি না হওয়ায় একটু গরম বাড়লেই আর চাহিদা মেটানো যায় না। শুরু হয়ে যায় ঘন ঘন লোডশেডিং।অথচ বর্তমান সরকারের আমলে, গত আড়াই বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে দেড় হাজার মেগাওয়াটেরও বেশি। ১৮ জুলাই বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে চার হাজার ৯৩৬ মেগাওয়াট। এখনো প্রতিদিন চার হাজার ৭০০ মেগাওয়াটের মতো উৎপাদন হচ্ছে; পাশাপাশি লোডশেডিংও বেড়েছে। কারণ বৃষ্টি নেই, আবহাওয়া গরম।এ বছর মার্চ মাস থেকেই নিয়মিত বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা ছিল। ফলে বিদ্যুতের ঘাটতি থাকলেও লোডশেডিং হয়েছে কম। গত কয়েক দিন বৃষ্টি না হওয়ায় গরম বেড়েছে। বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এতে বিদ্যুতের উৎপাদন বাড়লেও চাহিদা মেটানো যাচ্ছে না। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকোর) আওতাধীন মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর সড়ক থেকে গতকাল শনিবার বিকেলে গৃহবধূ তাসনিম চৌধুরী টেলিফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের বাসায় ও এলাকায় গতকাল লোডশেডিং শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায়। বিকেল চারটা পর্যন্ত তিনবার লোডশেডিং হয়েছে। গত কয়েক দিনের অভিজ্ঞতায় তিনি ধারণা করেন, রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে আরও তিনবার লোডশেডিং হবে।তাসনিম চৌধুরী বলেন, গত শুক্রবারও তাঁদের এলাকায় সকাল থেকেই লোডশেডিং শুরু হয়। রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মোট পাঁচবার লোডশেডিং হয়। স্থানীয় ডেসকোর কার্যালয়ে ফোন করে কারণ জানতে চাইলে বলা হয়েছে, গরমে চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই লোডশেডিং ছাড়া উপায় নেই।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন তেঁজতুরি বাজার থেকে আমিনুল হক প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে গরম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে লোডশেডিং। দিন-রাত মিলিয়ে পাঁচ-ছয়বার লোডশেডিং হচ্ছে।পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) এবং পল্লী বিদ্যুতের (আরইবি) সূত্রগুলো জানায়, তাঁদের আওতাধীন এলাকায়ও চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় লোডশেডিং বেড়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, কয়েক দিন ধরে দেশে চাহিদা সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের কিছু বেশি। আর উৎপাদন চার হাজার ৬০০ থেকে ৭০০ মেগাওয়াট। এই হিসাবে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি এক হাজার মেগাওয়াটেরও কম হলেও প্রকৃত অবস্থা ভিন্ন। বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সাড়ে ছয় হাজার মেগাওয়াটের কম নয়। আর ঘাটতি অন্তত এক হাজার ৮০০ মেগাওয়াট।তবে, এই ব্যবধান ধীরে ধীরে কমে আসছে। আগামী মাস খানেকের মধ্যে মোট ৫০০ মেগাওয়াটের মতো নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। এর পরও পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন বাড়তে থাকবে বলে পিডিবি সূত্র জানায়।