বিদ্যুৎসংকট নিয়ে কাউকে জলঘোলা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিদ্যুৎসংকটের কারণে কেউ যদি বিক্ষোভ ও ভাঙচুর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, ‘বিদ্যুৎসংকট নিয়ে কেউ যেন পরিস্থিতি ঘোলা করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’ পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে তিনি এ কথা বলেন। এ বৈঠকে কয়েকজন সাংসদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এতে রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রোজার মাসে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, রমজান মাসে সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।যানজট নিরসনে রোজার মাসে ১০ রোজার পর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে তিনি জানান। সাহারা খাতুন ঈদের সময় ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সরকারি ছুটি পাঁচ দিন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে বলে জানান।এ বৈঠকে ব্যবসায়ী নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু প্রস্তাবনা পেশ করেন। ব্যবসায়ীরা এক রোজা থেকে ১০ রোজা পর্যন্ত আটটা পর্যন্ত, ১১ থেকে ২০ রোজা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত এবং ২১ থেকে ২৭ রোজা পর্যন্ত রাত ১২টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখার প্রস্তাব দেন। ব্যবসায়ীরা আরও বলেন, রমজান মাসের শেষ তিন দিন সারা রাত দোকান খোলা রাখা ব্যবসায়ের স্বার্থে খুবই প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবসায়ীদের প্রস্তাবের জবাবে বলেন, দোকান খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের প্রস্তাব খুবই যৌক্তিক। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন।বৈঠকে রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংসদদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান ও ভেজাল নিয়ন্ত্রণে র্যাবকে মাঠে নামানোর বিষয়ে আলোচনা হয়।