বিদ্যুৎসংকট সমাধানে সরকারের উদ্যোগ ‘সন্তোষজনক’ নয়: জাফর ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান বিদ্যুৎসংকট নিরসনে সরকারের উদ্যোগ ‘সন্তোষজনক’ নয় বলে মন্তব্য করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, সরকার আন্তরিক হলে বিদ্যুৎসংকটের সমাধান সম্ভব। কিন্তু সরকার সংকট মোকাবিলায় যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো সন্তোষজনক নয় বলেই লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে বিদ্যুৎ অপরিহার্য।আজ রোববার ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রচারকাজের উদ্বোধন করে মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। জাফর ইকবাল বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে বিদেশ থেকে ভাড়া করে বিদ্যুৎ আনা এবং ছোট ছোট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরামর্শ দেন। নতুন করে বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় এবং বিদ্যুতের অপচয় অব্যাহত থাকায় লোডশেডিং কমছে না বলে তিনি মন্তব্য করেন। তিনি সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত এসি বন্ধ রাখার জন্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান। এতে এইচএসসি পরীক্ষার্থীরা এই প্রচণ্ড গরমে একটু শান্তিতে পড়াশোনা ও পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয় হলে তা কৃষিতে ব্যবহার করে উৎপাদন বাড়ানো যাবে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি রেজাউল ইসলাম ও মহাসচিব মাসুদ কাদের উপস্থিত ছিলেন।