চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিদ্যুৎসংকটের জন্য ক্লাস দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব ক্লাস আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।এদিকে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে তাঁদের দাবি মানার জন্য তিন দিন সময় বেঁধে দিয়ে বিকেল তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন। পাশাপাশি অনেক দিন ধরেই বিকল হয়ে পড়ে থাকা তিনটি জেনারেটর চালুরও দাবি জানান তাঁরা।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এখনই জেনারেটরগুলো ঠিক করা সম্ভব নয় এবং বিদ্যুৎ বিভাগ থেকেও এ মুহূর্তে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে না।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এই উত্তর পাওয়ার পর শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ওই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।