বিদ্যুৎসংযোগ পেতে ঘুষ আর চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও নতুন সংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ ও চাঁদা আদায় করা হচ্ছে। এসব ঘটনা বেশি ঘটছে ঢাকার বাইরে পল্লী বিদ্যুতের (আরইবি) এলাকায়। বিদ্যুৎসংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার এবং রাজনীতিসংশ্লিষ্ট স্থানীয় কিছু ব্যক্তি এর সঙ্গে জড়িত।ঢাকায় প্রায় এক মাস ধরে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার প্রক্রিয়া ধীরগতি ও অনেক সময়সাপেক্ষ করা হয়েছে। এর পর থেকেই একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী দ্রুত সংযোগ দেওয়ার নামে ঘুষ চাইছেন। সংযোগপ্রার্থীরাও দ্রুত সংযোগ পেতে ঘুষ দেওয়ার পথ ধরেছেন। ঢাকার বাইরে আরইবির আওতাধীন যেসব এলাকায় বিদ্যুতের নতুন লাইন হচ্ছে, সেখানে খুঁটি, তার প্রভৃতির পরিবহন ব্যয় এবং আগে সংযোগ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে। আর যেখানে লাইন তৈরি হচ্ছে না, সেখানে বিদ্যুতের লাইন আনার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে।কোনো কোনো এলাকায় টাকার বিনিময়ে বাঁশের খুঁটি পুঁতে তার ওপর দিয়ে লাইন নিয়ে নতুন সংযোগ দেওয়া হয়েছে। কয়েকটি এলাকায় প্রথম আলোর প্রতিনিধিদের সরেজমিন অনুসন্ধান এবং কয়েকটি এলাকার ভুক্তভোগীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।ঢাকা: ডেসকোর আওতাধীন সাতারকুল এলাকার নয়জন ও বছিলার চারজন আবেদনকারী প্রথম আলোকে বলেন, নতুন বিদ্যুৎসংযোগের জন্য তাঁরা আবেদন করেছিলেন দুই-আড়াই মাস আগে। কিন্তু মাস খানেক ধরে প্রক্রিয়াটি আর যেন এগোচ্ছেই না।এ অবস্থায় সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে যোগাযোগ করলে দ্রুত সংযোগ দেওয়ার জন্য কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ চেয়েছেন। তাঁরাও কিছু দিয়ে হলেও দ্রুত সংযোগ পাওয়ার পথেই হাঁটছেন।ডিপিডিসির লালবাগ, বাসাবো ও নারিন্দা এলাকার অন্তত ২০ জন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা দ্রুত বিদ্যুৎসংযোগ পাওয়ার জন্য কিছু টাকা দিয়েছেন প্রায় ১০ দিন আগে। এখন পর্যন্ত সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি না দেখে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিচ্ছেন। সংযোগ দেওয়ার পর আরও কিছু টাকা দিতে হবে বলেও জানানো হয়েছে।দাউদকান্দি: কুমিল্লার এই উপজেলার ১০ নম্বর ইউনিয়নের নতুন গোলাপের চর ও চেঙ্গাকান্দি গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তাঁদের গ্রামে এখনো বিদ্যুতের লাইন আসেনি। পাশের গ্রাম থেকে তা আনার জন্য তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।এর আগে একবার দুই-তিন হাজার টাকা করে নেওয়া হয়েছিল। এখন মিটারপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। অনেকে এখনো দেননি। রাজনীতির সঙ্গে জড়িত স্থানীয় ব্যক্তিরা এই টাকা তুলছেন। গ্রামবাসীদের তাঁরা বলছেন, এই টাকার ভাগ অনেককে দিতে হবে। তবেই পাওয়া যাবে বিদ্যুতের লাইন ও সংযোগ। বরগুনা: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সদর উপজেলার কেওড়াবুনিয়া, চরকগাছিয়া, বৈকালীন বাজার প্রভৃতি এলাকায় বিদ্যুৎসংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। কেওড়াবুনিয়ার কয়েকজন আগ্রহী গ্রাহক জানিয়েছেন, সেখানকার অন্তত ১০০ লোক এক থেকে দেড় হাজার টাকা করে দিয়েছেন। পরে আরও দিতে হবে। চরকগাছিয়ায় ১২৫ জনের কাছ থেকেও একই অঙ্কের টাকা নেওয়া হয়েছে।আমতলী উপজেলার চাওড়া থেকেও একইভাবে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। বরগুনায় এ কাজের পেছনে আছেন রাজনীতিসংশ্লিষ্ট এবং পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে জড়িত কিছু ব্যক্তি। এলাকাবাসী জানান, তাঁদের হয়ে স্থানীয় দু-একজন তরুণ সবার কাছ থেকে টাকা তোলেন।এ ব্যাপারে জানতে চাইলে আরইবির বরগুনা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, এভাবে টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক। তবে ঘুষ বা চাঁদা নেওয়ার কোনো অভিযোগ তাঁদের কাছে কেউ করেননি। পটুয়াখালী: জেলার মির্জাগঞ্জ ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন ও সংযোগ দেওয়ার নামে টাকা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় লোকজন।প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি জানান, মির্জাগঞ্জের ভাজনা মনোহরখালী, কপালবেড়া প্রভৃতি গ্রামে বিদ্যুতের লাইন নেই। নতুন লাইন আনার জন্য সেখানকার শত শত পরিবার এক থেকে দেড় হাজার টাকা করে দিয়েছেন। পরে আরও দিতে হবে বলে তাঁদের জানানো হয়েছে। তবে কে বা কারা এই টাকা নিচ্ছেন, তা প্রকাশ্যে বলতে তাঁরা রাজি হননি। কারণ, এ কাজের সঙ্গে রাজনীতিসংশ্লিষ্ট ও পল্লী বিদ্যুতের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী কোনো কোনো ব্যক্তি যুক্ত আছেন। যাঁরা টাকা নিচ্ছেন তাঁরা জানিয়েছেন, টাকা দেওয়ার খবর প্রকাশ হয়ে গলে বিদ্যুতের লাইন না-ও আসতে পারে।বিষয়টি সম্পর্কে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া তাঁদের এ ধরনের কিছু অভিযোগের কথা জানিয়েছিলেন। তারপর তাঁরা জনগণকে জানিয়ে দিয়েছেন যে বিদ্যুতের লাইন ও সংযোগ পাওয়ার জন্য আরইবির রসিদ ছাড়া কাউকে কোনো টাকা দিতে হবে না। কেউ যেন এভাবে টাকা না দেন।ময়মনসিংহ: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অনেক এলাকা থেকে বিদ্যুতের লাইন ও সংযোগের জন্য টাকা নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। নেত্রকোনার কেন্দুয়া থেকে দুই ব্যক্তি জানান, তাঁদের বলা হয়েছে টাকা না দিলে ওই এলাকায় লাইন এলেও সংযোগ পেতে দেরি হবে। তাই তাঁরা টাকা দিয়েছেন।কোনো কোনো এলাকায় বিদ্যুতের নতুন লাইন হবে জেনে কিছু লোক সাধারণ মানুষকে এই বলে টাকা আদায় করছেন যে তাঁরাই লাইন আনার ব্যবস্থা করছেন। তবে এঁরা কারা, তাঁদের নাম-পরিচয় কী, তা জানাতে রাজি হননি কেউ।আরইবিতেও অসংখ্য অভিযোগ: এসব ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আরইবির নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সারা দেশ থেকে এ রকম অসংখ্য অভিযোগ তাঁদের কাছে এসেছে। তাঁরা বিষয়গুলো তদন্ত করেও দেখেছেন। এতে আরইবির কোনো কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার প্রমাণ মেলেনি। স্থানীয় এমন কিছু লোকের কথা জানা যায়, যাঁরা আরইবির সঙ্গে জড়িত নন। তাই আরইবি কোনো ব্যবস্থা নিতে পারে না। তবে আরইবি জনগণকে সব সময় এ ধরনের লেনদেন না করার জন্য সতর্ক করে দেয়।সরকার গত মাসের মাঝামাঝি সময়ে নতুন বিদ্যুৎসংযোগ দেওয়ার প্রক্রিয়া কৌশলে বিলম্বিত করার পদক্ষেপ নেয়। এ ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বিতরণ কোম্পানিগুলোকে দেওয়া মৌখিক নির্দেশনায় নতুন সংযোগের জন্য চাহিদাপত্র (ডিমান্ড নোট) বরাদ্দে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেওয়ার জন্য বলা হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার অন্যতম পদক্ষেপ হিসেবে নতুন সংযোগ দেওয়া কমিয়ে দিতে এ ব্যবস্থা নেওয়া হয়। কারণ, বর্তমান সরকারের আমলে ইতিমধ্যে ২৪ লাখেরও বেশি নতুন সংযোগ দেওয়া হয়েছে। এখনো যে হারে আবেদন আসছে, তাতে দ্রুততার সঙ্গে সংযোগ দিলে বিদ্যুতের চাহিদা মেটানো কঠিন হবে। সরকার প্রথমে ২০১০ সালের এপ্রিল থেকে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎসংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করে। এরপর তা আরও তিন মাস বাড়িয়ে ওই বছরের ৩০ সেপ্টেম্বর করা হয়। তারপর তা আরও এক মাস বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়। এরপর নতুন সংযোগের নীতিমালা তৈরির জন্য আরও এক সপ্তাহ সময় নেওয়ার পর ওই বছরের ৭ নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে কিছুসংখ্যক (যাঁদের নামে চাহিদাপত্র বরাদ্দ করা ছিল তার অর্ধেক) গ্রাহকের জন্য নতুন সংযোগ চালুর ঘোষণা দেওয়া হয়। সীমিত সংখ্যক গ্রাহককে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে তখন প্রথম চালু করা হয় সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের (দুই কিলোওয়াটের বেশি চাহিদার ক্ষেত্রে) নিয়ম। পাশাপাশি তখন নতুন করে চাহিদাপত্র বরাদ্দ করা বন্ধ রাখা হয়। বলা হয়, প্রথম অর্ধেক গ্রাহককে সংযোগ দেওয়ার পর বাকি অর্ধেককে একই শর্তে পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে।এই প্রক্রিয়া শেষ করে ২০১১ সালের ১৫ মে থেকে আবার একশ্রেণীর গ্রাহককে নতুন সংযোগ দেওয়া শুরু করা হয়। এ পর্যায়ে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের শর্ত বহাল রেখে ৫০০ কিলোওয়াট পর্যন্ত চাহিদার সব শ্রেণীর গ্রাহককে (যাঁদের অনুকূলে ওই বছরের ৩১ মার্চ পর্যন্ত চাহিদাপত্র বরাদ্দ করা ছিল) নতুন সংযোগ দেওয়া হয়।বর্তমান সরকারের আমলে কোনো গ্রাহক নিঃশর্তে নতুন বিদ্যুৎসংযোগ পাননি। এরই ধারাবাহিকতায় বর্তমান পর্যায়ে কৌশলে নতুন সংযোগ বিলম্বিত করার পদক্ষেপ নেওয়া হয়। ফলে নতুন সংযোগের জন্য ঘুষ-দুর্নীতির প্রসার ঘটেছে।একইভাবে গ্যাস খাতেও ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সরকার প্রায় দুই বছর ধরে নতুন গ্যাস সংযোগ বন্ধ রাখলেও অবৈধ উপায়ে সংযোগ দেওয়া অব্যাহত রয়েছে। এ কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এলাকায় এই সময়ে গ্যাসের চাহিদা বেড়েছে প্রায় ২০ কোটি (২০০ মিলিয়ন) ঘনফুট। এ ছাড়া এসব সংযোগের বিল হিসেবে গত অর্থবছরে তিতাসের নামে বিল বেশি এসেছে প্রায় ১০০ কোটি টাকা।