বিদ্যুৎসমস্যা ও ধানের দাম নিয়ে উদ্বিগ্ন আ.লীগের তৃণমূল
বিদ্যুৎসমস্যা ও ধানের দাম নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়কালে তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন।লোডশেডিং এবং ধানের দাম উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় মানুষ অস্বস্তিতে আছে বলে তৃণমূল নেতারা প্রধানমন্ত্রীকে জানান। সাংগঠনিক সমস্যার পাশাপাশি স্থানীয় কিছু সমস্যা এবং উন্নয়নমূলক দাবির কথাও বলেন তাঁরা।গত বছরের নভেম্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এসব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।১২ মে সাতক্ষীরা আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা স্থানীয় সমস্যার পাশাপাশি লোডশেডিং ও ধানের দাম নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানান। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মতবিনিময়ে বিদ্যুৎসমস্যার কথা বলেছি। তিন হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে জাতীয় গ্রিডে সংযুক্ত করলেও লোডশেডিং কমানো সম্ভব হয়নি। তা ছাড়া ইউরিয়া সারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভর্তুকি বাড়ানোর দাবি করেছি।’সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃণমূল নেতারা ধানের দাম উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সরকারিভাবে নয় লাখ টন চাল কেনা হয়। মাত্র দেড় লাখ টন ধান কেনা হয়। মিলমালিকেরা চাল সরবরাহ করেন। কৃষকদের ধান বিক্রির সুযোগ আছে। নেতারা সরকারিভাবে চালের চেয়ে ধান বেশি কেনার জন্য দাবি করেন। সূত্র জানায়, সাতক্ষীরার নেতারা আইলাবিধ্বস্ত এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করলেও চিংড়িচাষিরা বাঁধ কেটে লোনা পানি আনায় ফসলি জমির ক্ষতি হচ্ছে বলে জানান। তাঁরা বলেন, সেনাবাহিনী আইলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করেছে। কিন্তু জাতীয় পার্টির একজন সাংসদের মামলার কারণে ক্ষতিগ্রস্তরা বাড়িঘর তৈরি করতে পারছে না। সূত্র জানায়, কক্সবাজারের নেতারাও চিংড়ি চাষের ব্যাপকতার কারণে ধানি জমি হারাচ্ছে বলে জানান। তাঁরা দলীয় কিছু নেতার যত্রতত্র ইটভাটার কারণে পরিবেশগত ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেন। এ ছাড়া রোহিঙ্গারা স্থানীয় বাঙালিদের সঙ্গে মাদক চোরাচালানে জড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার নেতারা মতবিনিময় করেন। তাঁরা স্থানীয় সাংসদদের সঙ্গে দলীয় নেতাদের দূরত্ব বাড়ছে বলে অভিযোগ করেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কিছু স্থানে কাউন্সিল না হওয়ার কথাও বলেন তাঁরা। জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রথম আলোকে বলেন, ‘মতবিনিময়ে আমরা নির্বাচনী ওয়াদা পূরণ করার কথা বলেছি। বিদ্যুৎ সমস্যা নিরসনের কথা বলেছি। চার লেনবিশিষ্ট রাস্তার দাবি করেছি।’সূত্র জানায়, পার্বত্য এলাকার তিন জেলার নেতারা পার্বত্য চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন। তবে সেখানে কিছু সশস্ত্র সন্ত্রাসী অপহরণ ও মুক্তিপণ আদায় করছে বলে তাঁরা অভিযোগ করেন।যশোর জেলার নেতারা তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা প্রধানমন্ত্রীকে জানান। তাঁরা বলেন, অভয়নগরের ভবদহে জলাবদ্ধতা কমায় এখন জমি চাষযোগ্য হয়েছে। কিন্তু মাঝেমধ্যে বাঁধ কেটে দেওয়ায় প্লাবন হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রথম আলোকে বলেন, স্থানীয় দাবির মধ্যে যশোরকে সিটি করপোরেশন করার কথা বলা হয়েছে।চুয়াডাঙ্গার নেতারা বলেন, জেলায় রাতের বেলা সশস্ত্র তৎপরতা এখনো বন্ধ হয়নি। নিরাপত্তাকর্মী বাড়িয়ে সন্ত্রাসীদের নির্মূল করার দাবি জানান তাঁরা।এ ছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা দক্ষিণ ও চট্টগ্রাম মহানগরের নেতারা দলীয় কোন্দলের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের জন্য তাঁরা দলীয় কোন্দলকে দায়ী করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃণমূল নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার তিন হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাাড়িয়েছে। গত সাড়ে তিন বছরে শিল্পকারখানা বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন বিদ্যুৎ-সংযোগ দিতে হয়েছে। তা ছাড়া গত সরকার বিদ্যুৎ সরবরাহ লাইন টানলেও উৎপাদন বাড়ায়নি। এ সরকার নতুন বিদ্যুৎ উৎপাদন না করলে পরিস্থিতি ভয়াবহ হতো।সূত্র জানায়, প্রধানমন্ত্রী ধানের দাম বাড়ানোর দাবি প্রসঙ্গে বলেন, সরকার কৃষকদের স্বার্থে সার ও ডিজেলে ব্যাপক ভর্তুকি দিয়েছে। ধানের দাম বাড়ালে চালের দাম বেড়ে যায়। ফলে যারা উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তারা সমস্যায় পড়ে যাবে। তাই এটা মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে।স্থানীয় উন্নয়নমূলক দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নেতাদের বলেন, গত সাড়ে তিন বছরে যা উন্নয়ন হয়েছে এবং চলমান আছে, তার তালিকা করে প্রচার করুন। এ পর্যন্ত ১৯টি জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেছেন। আজ শনিবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।