বিদ্যুৎসাশ্রয়ী বাতি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের ২৭টি জেলার বিদ্যুৎ গ্রাহকদের একাংশের মধ্যে গতকাল শনিবার বিনা মূল্যে মোট ৫৫ লাখ বিদ্যুৎসাশ্রয়ী (সিএফএল) বাতি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বাতি বিতরণ করা হয়। গ্রাহকেরা সকাল থেকে পূর্বনির্ধারিত স্থানে উপস্থিত হয়ে সর্বশেষ পরিশোধিত বিদ্যুৎ বিলের কপি এবং নির্দিষ্টসংখ্যক সাধারণ বাতি জমা দিয়ে সিএফএল বাতি গ্রহণ করেন।বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো (পিডিবি, ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো প্রভৃতি) তাদের আওতাধীন এলাকার বিভিন্ন স্থানে কেন্দ্র স্থাপন করে বাতিগুলো বিতরণ করেছে। এ জন্য নির্ধারিত এলাকাগুলোতে আগেই জরিপ করে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কোন গ্রাহক কোন কেন্দ্র থেকে কটি বাতি পাবেন, তাও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মিরপুর ১ নম্বর সেকশনের বশিরউদ্দিন মডেল স্কুল ও কলেজ এবং ইব্রাহীমপুরের লাইসিয়াম একাডেমি কেন্দ্রে বাতি বিতরণে অংশ নেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক অংশ নেন নারিন্দার কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকনগরের ধলপুর কেন্দ্রে। অন্যান্য পদস্থ কর্মকর্তাও বিভিন্ন স্থানে বাতি বিতরণে অংশ নেন।তবে এই কার্যক্রম সম্পর্কে বিভিন্ন এলাকার গ্রাহকেরা বেশ কিছু অভিযোগ করেছেন এবং প্রশ্ন তুলেছেন। তাঁরা গতকাল দিনের বিভিন্ন সময়ে টেলিফোনে প্রথম আলোর কার্যালয়ে এসব অভিযোগ ও প্রশ্নের কথা জানান।ভাড়াটেরা পাবেন না?: কয়েকটি এলাকা থেকে অভিযোগ করা হয়, যেহেতু ভাড়াটেদের কাছে বা তাঁদের নামে বিদ্যুৎ বিল আসে না, তাই তাঁরা সিএফএল গ্রহণের জন্য বিদ্যুৎ বিলের কপিও দেখাতে পারেন না। তাহলে কি ভাড়াটেরা বাতি পাবেন না?ইব্রাহীমপুরে বাতি বিতরণের সময় গ্রাহকদের এই প্রশ্ন সাংবাদিকেরা করেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে। তিনি এর উত্তর দিতে বলেন সেখানে উপস্থিত ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদকে। তিনি বলেন, বাতি দেওয়ার জন্য যে বাড়িগুলো জরিপ করে নির্ধারণ করা হয়েছে, সেগুলোতে বসবাসকারী প্রতিটি পরিবারই বাতি পাবে। তবে তা গ্রহণ করবেন সংশ্লিষ্ট বাড়িওয়ালা। তিনি পরে বাতিগুলো ভাড়াটেদের মধ্যে বিতরণ করবেন। কাজেই ভাড়াটেরা না পাওয়ার প্রশ্নই ওঠে না।বাড়িওয়ালা বিক্রি করেছেন!: ঢাকার বাসাবোর মায়াকানন থেকে কয়েকজন ভাড়াটে গ্রাহক অভিযোগ করেছেন, তাঁরা কেন্দ্রে গিয়ে শুনেছেন যে বাড়িওয়ালা তাঁদের বাতি গ্রহণ করেছেন এবং তিনিই তাঁদের সেগুলো দিয়ে দেবেন। কিন্তু তাঁরা যখন বাসায় ফিরে বাড়িওয়ালার কাছে বাতি চান, তখন বাড়িওয়ালা তাঁদের কাছ থেকে প্রতিটি বাতির জন্য ১২০ টাকা করে দাবি করেন।সরকার তো বিনা মূল্যে দিচ্ছে, তাহলে টাকা চাচ্ছেন কেন? ভাড়াটেদের এই প্রশ্নের জবাবে বাড়িওয়ালা বলেন, বাতিগুলো সংগ্রহ করতে তাঁকে টাকা দিতে হয়েছে। তাই টাকা ছাড়া তিনি ভাড়াটেদের বাতি দেবেন না। এই অভিযোগকারীরা নাম প্রকাশ করতে চাননি। তবে তাঁদের অন্তত একজনের নাম-ঠিকানা এবং অভিযুক্ত বাড়িওয়ালার ঠিকানা প্রথম আলোর কাছে আছে।নষ্ট বাতি!: ঢাকার মানিকনগরের ধলপুর থেকে অভিযোগ এসেছে, সেখানে বিতরণ করা বেশির ভাগ বাতিই নষ্ট পড়েছে। বাল্বের সঙ্গে এক বছরের নিশ্চয়তা (ওয়ারেন্টি) কার্ড দেওয়ার কথা থাকলেও তা পাওয়া যায়নি। এ ব্যাপারে তাঁরা কী করবেন, কার কাছে যাবেন তা বুঝতে পারছেন না। এক মিটারে কটি?: ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি এলাকা থেকে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট সংস্থা জরিপ করে যেখানে প্রতিটি মিটারের জন্য চারটি বাতি দেওয়ার কথা বলেছিল, সেখানে দেওয়া হয়েছে তিনটি। যেখানে তিনটি বাতি দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে দেওয়া হয়েছে দুটি।চট্টগ্রামের হালিশহর জি ব্লকের ইমরুল ইসলাম রনি অভিযোগ করেন, জরিপ করে তাঁকে বলা হয়েছিল মিটারপ্রতি চারটি করে বাতি দেওয়ার কথা। কিন্তু বাতি আনতে গেলে দেওয়া হয় তিনটি করে। ফলে তাঁর মোট চারটি মিটারের জন্য ১৬টি বাতি পাওয়ার কথা জানিয়ে লিখিত কাগজ দেওয়া হলেও তিনি বাতি পেয়েছেন ১২টি। কারণ হিসেবে বিতরণকারীরা জানান, তাঁদের খাতায় তিনটি করেই দেওয়ার কথা লেখা রয়েছে।ইমরুল জানতে চেয়েছেন, এটি কোনো প্রতারণা কি না? বাতি বিতরণের নিয়ম কী?এ ব্যাপারে সরকারি সূত্র জানায়, প্রত্যেক গ্রাহককে দুটি থেকে চারটি পর্যন্ত (ব্যবহার অনুযায়ী) সিএফএল বাতি দেওয়ার কথা। বিনিময়ে গ্রাহককে নিজের ব্যবহূত সমানসংখ্যক সাধারণ বাতি জমা দিতে হবে। গত বুধবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেও এ কথা জানানো হয়েছিল।সরকারের লক্ষ্য: সাধারণ বাতির স্থলে এই ৫৫ লাখ বাতি প্রতিস্থাপন করা হলে প্রায় ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। তা ছাড়া এই বাতি প্রতিস্থাপনের ফলে যে গ্রিনহাউস গ্যাস (কার্বন) নিঃসরণ কমবে, তার বিনিময়ে ডেনিশ সরকার ৬৫ লাখ ইউরো (প্রায় ৬৮ কোটি ২৫ লাখ টাকা) দেবে বাংলাদেশকে।আগামী বছরের মার্চ মাস নাগাদ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়িত হলে মোট ৯০ লাখ ৮০ হাজার গ্রাহক বাতি পাবেন। মোট বাতি বিতরণ হবে দুই কোটি ৮০ লাখ। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে অন্তত ৪০০ মেগাওয়াট। আর এতে কার্বন নিঃসরণ কমায় কার্বন অনুদানের (ক্রেডিট) আওতায় প্রায় ১৬৮ কোটি টাকা পাওয়া যাবে। এই কার্বন বাণিজ্যে মধ্যস্থতা করছে বিশ্বব্যাংক।