বিদ্রোহ ঘটিয়ে সীমান্ত অরক্ষিত করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত অরক্ষিত রেখে বাংলাদেশকে পরনির্ভরশীল করতে সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে।আজ শনিবার বিকেলে পিলখানা হত্যার তিন বছর উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার দেশের শক্তিশালী সেনাবাহিনীকে দুর্বল করতে এ ঘটনা ঘটিয়েছে। সীমান্তকে অরক্ষিত করেছে। দেশকে পরনির্ভরশীল বানিয়েছে। এরপর তারা এই ঘটনার সঙ্গে বিএনপি তথা বিরোধী দলকে জড়িয়েছে। তিনি সরকারের এই পরিকল্পনাকে ‘এক ঢিলে দুই পাখি মারা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ অনেককে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে। অথচ ঘটনার পর আওয়ামী লীগের অনেক নেতার নাম সন্দেহের তালিকায় ছিল। কিন্তু সুকৌশলে তাদের বাদ দেওয়া হয়েছে। এমনকি গণমাধ্যমে এসব নাম এলেও তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি।মির্জা ফখরুল বলেন, সরকার কেবল প্রতিরক্ষাবাহিনীকেই ধ্বংস করেনি, তারা একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতেই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাতিল করেছে। এই সরকার জুলুমবাজ। এদের সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হতে হবে। মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে বিচার করতে হবে। তিনি অভিযোগ করেন, এখন যে বিচার চলছে তা লোক দেখানো।স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহী আকবর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ বক্তব্য দেন।