বিদ্রোহ ঠেকাতে কামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[২৫ মার্চ, ১৯৭১ রাতের বেলা ঝাঁপিয়ে পড়ল ইয়াহিয়া খানের সেনাবাহিনী। মুজিব-ইয়াহিয়া বৈঠকের অগ্রগতি জানতে অনেক বিদেশি সাংবাদিক তখন ঢাকায়। সামরিক প্রশাসন চায়নি তাদের অভিযান বিশ্ববাসী জানুক। বিদ্রোহী বাঙালিদের পাশাপাশি বিদেশি সাংবাদিকদেরও তারা মনে করল শত্রু। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বন্দী করে ফেলল তাদের। ২৭ মার্চ ৩৫ জন সাংবাদিককে ‘পূর্ব পাকিস্তান’ থেকে বহিষ্কার করল। জোর করে জাহাজে তোলার আগে কেড়ে নিল তাদের ফিল্ম ও নোটবই। বহিষ্কৃত নিউইয়র্ক টাইমস-এর সংবাদদাতা সিডনি শ্যানবার্গ বোম্বে (মুম্বাই) থেকে এই প্রতিবেদনটি পাঠান। প্রকাশিত হয় ২৮ মার্চ, ১৯৭১। এই প্রতিবেদন এখন ইতিহাসচর্চা ও গবেষণার অংশ—অনুবাদক]পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের স্বায়ত্তশাসনের আন্দোলন গুঁড়িয়ে দিতে পাকিস্তান সেনাবাহিনী প্রদেশের নিরস্ত্র নাগরিকদের ওপর কামান ও ভারী মেশিনগান চালাল।কোনো ধরনের সতর্কবাণী না দিয়েই বৃহস্পতিবার রাতে আক্রমণ শুরু করল। সেনাবাহিনীর নিয়ন্ত্রক পশ্চিম পাকিস্তানি সেনারা প্রদেশের রাজধানী ঢাকার রাস্তায় নামল—উদ্দেশ্য স্বাধীনতা আন্দোলনের শক্ত ঘাঁটিগুলো যেমন—বিশ্ববিদ্যালয় অবরোধ।কজন মুত্যৃবরণ করেছে কিংবা জখম হয়েছে, জানার কোনো উপায় নেই। যদিও ঢাকায় আঘাত হানার আগে থেকেই দেশের অভ্যন্তরে বেসারমরিক জনতা ও পশ্চিম পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষের খবর আসছিল— আসলে প্রদেশের অন্যত্র কী ঘটছে তারও কোনো সুনির্দিষ্ট খবর নেই। ঢাকা শহরের উত্তরাংশে অবস্থিত হোটেলে থেকে শহরের বিভিন্ন অংশে ভয়াবহ আগুনের শিখা চোখে পড়ছিল—বিশ্ববিদ্যালয় এলাকায়। প্যারা-মিলিটারি ফোর্স পূর্ব পাকিস্তান রাইফেলসে এখনো আগুন জ্বলছে, বিক্ষিপ্ত গোলাগুলি এখনো থামেনি। এদিকে ৩৫ জন বিদেশি সাংবাদিককে আজ ঢাকা থেকে বহিষ্কার করা হয়েছে। হোটেলের জানালা দিয়ে তাকিয়ে একজন পাকিস্তানি ছাত্র বলছে, হায় আল্লাহ্, হায় আল্লাহ্! ওরা তাদের মেরে ফেলছে, ওরা হত্যা করছে। সামরিক ট্রাকবহরের পাহারায় এয়ারপোর্টে যাওয়ার পথে সাংবাদিকেরা দেখেছে রাস্তার দুপাশের বস্তিতে এবং স্বায়ত্তশাসন আন্দোলনের সমর্থকদের বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা আগুন দিচ্ছে।বৃহস্পতিবার রাতে যখন সেনা অভিযান শুরু হয়, সেনারা বিজয়ধ্বনি দিয়ে শহরের বিভিন্ন অংশে অটোমেটিক রাইফেল, মেশিনগান ও রিকয়লেলেস রাইফেলের অবিশ্রান্ত গুলিবর্ষণের পর ঢাকা শহরের বিশাল এলাকায় আগুন ধরিয়ে দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থানরত বিদেশি সংবাদদাতারা যখন বাইরে কী ঘটছে দেখতে যেতে চান, আরও জোরদার সজ্জিত সেনাবাহিনী তাঁদের বাধা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় এবং জানায়—বাইরে বের হওয়ার চেষ্টা করলে গুলি করা হবে।হোটেলের চারপাশে গোলাগুলির শব্দ বাড়তে থাকে এবং দুপুর একটা নাগাদ সারা শহরেই ভয়াবহ আকার ধারণ করে।একটা ২৫ মিনেটে বাইরের মিলিটারি গার্ডের আদেশে হোটেলের সব ফোন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। টেলিগ্রাফ অফিসের টাওয়ারের বাতি তখনই নিভে যায়। বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্যান্য শহরে ভারী স্বয়ংক্রিয় অস্ত্রের গোলাগুলির শব্দ শোনা যায়।সোয়া দুইটার দিকে হোটেলের সামনে দিয়ে মেশিনগানবাহী একটি জিপ ময়মনসিংহ রোডের দিকে এগিয়ে একটি বাজারের সামনে থামে। মেশিনগান দোতলার জানালা বরাবর তাক করা। এক ডজন সেনা পায়ে হেঁটে তাদের সঙ্গে যোগ দেয়। একদল বহন করছে রকেট-জাতীয় অস্ত্র। হঠাত্ দোতলা থেকে চিত্কার ধ্বনি শোনা গেল—বাঙালি ‘এক হও’। আর তখনই সেনারা শুরু করল ভবনটির ওপর অবিরাম নির্বিচার গুলিবর্ষণ। সেনারা তখন পাশের গলি দিয়ে গুলি করতে করতে এগিয়ে গেল। রাস্তায় ব্যারিকেড দেওয়া গাড়ি উল্টে দিল; সেনাদের গুলির ঝলক সাংবাদিকেরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দশতলা থেকে দেখছেন—এ এক অবিশ্বাস্য নাটক।গলিপথে সেনারা যখন গুলি করতে করতে এগোচ্ছে, তখন ১৫ থেকে ২০ জন বাঙালি যুবক তাদের দিকে এগোয়—সেনাদের কাছ থেকে প্রায় ২০০ গজ দূরে। তারা চিত্কার করে সেনাদের প্রতিবাদ জানাচ্ছিল। কিন্তু তারা মনে হলো নিরস্ত্র এবং হাতও খালি।জিপের ওপরের মেশিনগান তাদের দিকে ঘুরিয়ে গুলি চালানো হলো। অটোমেটিক রাইফেলসহ সেনারা তাদের সঙ্গে যোগ দিল। যুবকেরা রাস্তার দুপাশের ছায়ায় ছড়িয়ে পড়ল। হোটেল থেকে বলা মুশকিল কজন নিহত বা আহত হয়েছে।সেনারা আবার নজর দিল গলির দিকে। তারা একটি স্পেয়ার পার্টসের দোকানে আগুন ধরিয়ে দিয়ে এগোল। তাদের আসল লক্ষ্য দ্য পিপল পত্রিকার অফিস ও প্রেসের দিকে। এই ইংরেজি দৈনিকটি শেখ মুজিবকে সমর্থন এবং সেনাবাহিনীকে বিদ্রূপ করে যাচ্ছিল।পশ্চিম পাকিস্তানের ভাষা উর্দুতে চিত্কার করে সেনারা বলল, ভেতরে কেউ থাকলে আত্মসমর্পণ কর, নতুবা গুলি চালানো হবে। কোনো উত্তর এল না, কেউ বের হলো না। সেনারা তখন ভবনের ওপর রকেট সেল নিক্ষেপ করল। সঙ্গে মেশিনগান ও ছোট অস্ত্রের গুলি। তারপর তারা ভবনে আগুন লাগিয়ে দিল এবং ছাপাখানা ও অন্যান্য যন্ত্রপাতি ভাঙতে শুরু করল। আরও এগিয়ে তারা বাজারের পেছন দিকের সব দোকান ও বস্তিতে আগুন ধরিয়ে দিল—কতক্ষণের মধ্যেই আগুনের শিখা দোতলার ওপর দিয়ে দাউদাউ করে জ্বলতে শুরু করল।ভোর চারটার পর চিত্কার কমে এল। গোলন্দাজ বাহিনীর মেশিনগানের শব্দ থেকে থেকে শোনা যাচ্ছে। দূর থেকে ছোড়া গুলি হোটেলকেও আঘাত করছে। ভোর পৌনে পাঁচটার দিকে পূর্ব পাকিস্তান রাইফেলস সদর দপ্তরের দিকে ভয়াবহ অগ্নিশিখা দেখা গেল। পৌনে ছয়টার দিকে আবছা আলোয় দেখা গেল চাইনিজ টি-৫১ হালকা ট্যাংকে চড়ে সেনারা শহরের প্রধান সড়কে টহল দিচ্ছে।মাঝে মাঝে বিরাম দেওয়া গোলাগুলি, কামানের গোলা—গতকাল সারা দিন ও আজ সকালে সাংবাদিকেরা বহিষ্কার হওয়া পর্যন্ত একইভাবে চলছিল।গতকাল ভোর থেকে হেলিকপ্টার মাথার ওপর ঘুরছে, মূলত আক্রমণের লক্ষ্যবস্তুর জরিপ চালাচ্ছে। গত নভেম্বরের ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের পর ত্রাণ-সহায়তার জন্য সৌদি আরব পাকিস্তানকে চারটি হেলিকপ্টার দিয়েছিল, আর এখন খবর পাওয়া যাচ্ছে যে এই হেলিকপ্টার পূর্ব পাকিস্তানিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার করা হচ্ছে।ঢাকা রেডিও স্টেশন সেনাবাহিনী দখলে নিয়েছে, ভোর সাতটায় জানাল, প্রেসিডেন্ট আগা মুহাম্মদ ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তানে পৌঁছেছেন এবং রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সকাল আটটার পর ১৯৫৯ মডেলের কালো শেভ্রোলেট হোটেলের সামনের জিপ ও ট্রাক থেকে নেওয়া সেনাদের কড়া পাহারায় হোটেল ছাড়ল। এই বহরে জুলফিকার আলী ভুট্টো ও তাঁর দলকে পশ্চিম পাকিস্তানে পাঠানোর জন্য এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার কথা। পশ্চিম পাকিস্তানের মুখ্য রাজনৈতিক নেতা ভুট্টো শেখ মুজিবের পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্তশাসন দাবির বিরোধিতা করে আসছিলেন।সাধারণভাবে এটাই মনে করা হয় যে সেনাবাহিনী এবং পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাঁর বিরোধিতাকে সমর্থন জানায়—সেখান থেকেই পাকিস্তানকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ভুট্টো জানেন, বাঙালিরা এই সংকটের জন্য তাকেই দায়ী মনে করেন। সঙ্গী কজন ও স্বয়ংক্রিয় অস্ত্রবাহী সেনা বডিগার্ড পরিবেষ্টিত অবস্থায় তিনি যখন হোটেল লবিতে এলেন, তখন তাকে সন্ত্রস্ত দেখাল এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ‘আমার কোনো মন্তব্য নেই।’সকাল ১০টায় রেডিও থেকে নতুন সামরিক আদেশের ঘোষণা দেওয়া হলো। সাংবাদিকেরা যতবারই হোটেলে সেনা অফিসারদের জিজ্ঞেস করছেন কী খবর, তারা পাল্টা ধমক শোনাচ্ছেন। কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। একদল সাংবাদিক সামনের দরজা ঠেলে যখন একজন ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে এগোয়, ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে তাদের ভবনের ভেতরে ফিরিয়ে নেওয়ার আদেশ দেয় এবং চিত্কার করে বলে, ‘তোমাদের কীভাবে শিক্ষা দিতে হবে আমি জানি। আমি যদি নিজেদের লোক মারতে পারি, তাহলে তোমাদেরও মারতে পারব।’কিছুক্ষণ পর সামরিক সরকার হোটেলে খবর পাঠায়, বিদেশি সাংবাদিকদের সোয়া ছয়টার মধ্যে হোটেল ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সাংবাদিকেরা হোটেলের বিল মিটিয়ে প্রস্তুত হয়ে রইল। কিন্তু কেবল আটটা ২০ মিনিটে প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পর পাঁচ ট্রাক সেনার একটি বহরের পাহারায় সাংবাদিকদের নিয়ে এয়ারপোর্টের উদ্দেশে রওয়ানা হলো।বের হওয়ার ঠিক আগমুহূর্তে একজন সাংবাদিক লেফটেন্যান্ট কর্নেলকে জিজ্ঞেস করলেন, বিদেশি সংবাদদাতাদের কেন চলে যেতে হচ্ছে? তাঁর জবাব, ‘আমরা চাই সাংবাদিকেরা চলে যাক, থাকাটা তাদের জন্য বিপজ্জনক হবে। সামনের ব্যাপারটা হবে ভয়ঙ্কর রক্তাক্ত।’হোটেল কর্মচারী ও হোটেলে অবস্থানরত অন্য বিদেশিদের বিশ্বাস, বিদেশি সাংবাদিকেরা চলে গেলেই শুরু হবে হত্যাযজ্ঞ।হোটেলের একজন কর্মকর্তা বললেন, ‘এটা আর তখন হোটেল থাকবে না, এটা হয়ে যাবে রক্তাক্ত হাসপাতাল।’এয়ারপোর্টে সাংবাদিকেরা পৌঁছেছে, দূরে গোলাগুলি চলছে। সাংবাদিকদের লাগেজ কড়াভাবে তল্লাশি করা হচ্ছে—টেলিভিশন ফিল্ম, বিশেষ করে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের ফিল্ম বাজেয়াপ্ত করা হয়েছে। সিডনি শনবার্গ—১৯৭১-এ নিউইয়র্ক টাইমস-এর দিল্লি সংবাদদাতা ছিলেন