বিদ্রোহী আনেলকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকোলাস আনেলকা কোনোকালেই খুব শান্তশিষ্ট বলে পরিচিত ছিলেন না। বিভিন্ন সময় কোচের সঙ্গে ঝামেলা করে খবর হয়েছেন। তবে এবার যা করলেন, বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা খুব বেশি নেই। মেক্সিকোর বিপক্ষে ফ্রান্সের ম্যাচের বিরতির সময় কোচ রেমন্ড ডমেনেখ জায়গামতো না খেলার কারণে ভর্ৎসনা করেছিলেন। আনেলকা জবাব দিয়েছেন অশ্লীল গালাগালিতে। ফরাসি দৈনিক লেকিপ পরদিন এ ঘটনা বিস্তারিত ছেপে দিলে শুরু হয়ে যায় তোলপাড়। আনেলকাকে বহিষ্কার করে ফরাসি ফেডারেশন। তখন জানানো হয়েছিল, খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে ও কোচের সম্মতিতে আনেলকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ আনেলকা লন্ডনের বিমান ধরতে না-ধরতেই ফ্রান্স দলে ‘বিদ্রোহ’। অধিনায়ক প্যাট্রিচ এভরার নেতৃত্বে অনুশীলন বর্জন করেন খেলোয়াড়েরা। তাঁদের পক্ষে বিবৃতি পড়তে বাধ্য করেন কোচকে। এই অপরাধে অধিনায়কত্ব ও দলে জায়গা, দুটিই হারান এভরা। আর সবকিছুর পরিণতি— নত মস্তকে বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়। এভরার আন্তর্জাতিক ক্যারিয়ারেরও বোধ হয় শেষ লেখা হয়ে গেছে এতে।