বিদ্রোহীদের গোলার আঘাতে ইয়েমেনের প্রেসিডেন্ট আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় আজ শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের মধ্যে একটি গোলার আঘাতে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ, প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ মুজাওয়ার ও উপপ্রধানমন্ত্রী আহত হয়েছেন। উপপ্রধানমন্ত্রী জেনারেল রাশাদ আল-আলিমির অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলায় চারজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। খবর বিবিসির।এক নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট সালেহ সামান্য আহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রেসিডেন্ট সুস্থ আছেন এবং শিগগির জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে প্রধানমন্ত্রীর অবস্থা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া পার্লামেন্টের স্পিকার ইয়াহিয়া আল-রায়ি, প্রেসিডেন্টের একান্ত সচিব আবদো বুরজি, রাষ্ট্রীয় পরামর্শক পরিষদের প্রধান আবদুল আজিজ আদুল ঘানি এবং সানার গভর্নর নোমান দোউয়েকসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা ওই হামলায় আহত হয়েছেন।এই হামলার জন্য শেখ সাদিক আল-আহমারের অনুসারী সশস্ত্র আদিবাসীদের দায়ী করেছে কর্তৃপক্ষ। রাজধানী সানার উত্তরাংশে গত মঙ্গলবার থেকে ওই আদিবাসীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। আদিবাসীদের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের ওপর হামলার প্রতিশোধ নিতেই প্রেসিডেন্ট প্রাসাদে ওই হামলা চালানো হয়েছে।