বিদ্রোহীদের দখলে গাদ্দাফির মেয়ের বাড়ি
লিবিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গাদ্দাফির মেয়ের বাড়ি এখন তাদের দখলে বলে দাবি করেছে বিদ্রোহীরা। সারতে শহরের এই বাড়িটি গাদ্দাফির মেয়ে আশিয়ার। বিদ্রোহীদের দাবি, সারতে শহরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।বিদ্রোহীরা আগেই লিবিয়ার রাজধানী ত্রিপোলির দখল নিলেও গাদ্দাফির নিজের সারতের নিয়ন্ত্রণ থেকে যায় তাঁর অনুগত বাহিনীর হাতে। কয়েক দিন আগে সারতের দখল নিতে অভিযান শুরু করে বিদ্রোহীরা। এখনো সেখানে ব্যাপক যুদ্ধ চলছে বলে জানা গেছে।জাতীয় অন্তর্বর্তী কাউন্সিলের সমর্থক সেনাসদস্যরা রাতারাতি অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছেন। ওই বাহিনীর একজন কমান্ডার জানান, গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত এই শহরের ৮০ শতাংশ তাঁদের দখলে। গাদ্দাফির অনুগতদের শহরের দুটি স্থানে আটকে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন।গতকাল মঙ্গলবার সিরাত সফরের সময় জাতীয় অন্তর্বর্তী কাউন্সিলের মুস্তাফা আবদুল জলিল বলেছিলেন, এই শহরের দখল নিতে আরও দুই দিন লাগবে।ধারণা করা হচ্ছে, গাদ্দাফি লিবিয়ার দক্ষিণাঞ্চলের কোনো মরু এলাকায় আত্মগোপনে আছেন। রয়টার্স।