বিদ্রোহীদের দখলে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নিয়েছে। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজে রাজধানী ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।রাতভর যুদ্ধ শেষে সেলাকা বিদ্রোহীরা দেশটির রাজধানী বাগির দিকে অগ্রসর হয়। এক খবরে জানা গেছে, প্রেসিডেন্ট বোজিজে প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পালিয়ে গেছেন।বিদ্রোহীরা তাদের অভিযানের কারণ হিসেবে বলছে, প্রেসিডেন্ট তাদের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তির শর্ত মেনে চলতে ব্যর্থ হয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকে তারা সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল।বিদ্রোহী সেনাদলের নেতা কর্নেল জুমা নারকোইয়ো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্টের প্রাসাদ এখন আমাদের দখলে। বোজিজে সেখানে ছিলেন না।’ তিনি বলেন, বিদ্রোহীরা বাগির বেতারকেন্দ্রের দিকে যাচ্ছে। সেখানে জনগণের উদ্দেশে বিদ্রোহী নেতা মিশেল জোতোদিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে।বাগি দখলের আগে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ভীষণ যুদ্ধ চলেছে। প্রেসিডেন্টের মুখপাত্র গ্যাস্তন ম্যাকোজাংবা বলেন, ‘আশা করছি, কোনো প্রত্যাঘাত হবে না।’বিদ্রোহী দলের এক মুখপাত্র বলেন, নেতারা বিদ্রোহী সেনাদের লুটপাট ও প্রতিশোধপরায়নতা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।প্রেসিডেন্টের এক উপদেষ্টা নাম গোপনের শর্তে রয়টার্সকে বলেন, বোজিজে আজ রোববার সকালে ওবাগি নদী পার হয়ে কঙ্গোতে চলে গেছেন।এ ঘটনার পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক ঔপনিবেশিক দখলদার ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে। প্রজাতন্ত্রটির বিমানবন্দর যাতে কোনো পক্ষই দখলে নিতে না পারে, সে জন্য ফ্রান্স তার সেনাদের পাঠিয়ে বিমানবন্দরটি দখল নিয়েছে। দেশটিতে ফ্রান্সের মোট সাড়ে ১২০০ সেনা মোতায়েন আছে।খনিজ সম্পদ নিয়ে যুদ্ধভূ-বেষ্টিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র খনিজ সম্পদে সমৃদ্ধ। ইউরেনিয়াম, তেল, সোনা, হীরা, কয়লা ছাড়াও এ দেশটির রয়েছে বিপুল জলসম্পদ ও কাঠের জোগান। আফ্রিকার উর্বর ভূমির অন্যতম মালিকও এ দেশটি। অথচ এর পরও দেশটি বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০টি দেশের অন্যতম।১৯৬০ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেলেও ফ্রান্সের নিয়ন্ত্রণ থেকে এখনো মুক্তি পায়নি দেশটির জনগণ। দেশটির সম্পদের ওপর ফ্রান্স ছাড়াও অনেক রাষ্ট্রের দৃষ্টি আছে। ফলে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা একটি বিরল বিষয়ে পরিণত হয়েছে। গত বছর শুরু হওয়া বিদ্রোহের অবসানে আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের নেতাদের মধ্যস্থতায় এ বছরের জানুয়ারিতে সরকারের সঙ্গে বিদ্রোহীদের এক চুক্তি সম্পাদিত হয়।কিন্তু অল্পকাল পরেই সে চুক্তিটি ভেস্তে যায়। বিদ্রোহীরা জানায়, চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সরকার এখন তাঁদের ছাড়তে নারাজ।বিবিসি বলছে, বোজিজেকে রক্ষায় সেনারা খুব বেশি লড়তে পারেননি। কারণ, সেনাবাহিনীর ওপর বোজিজের নিয়ন্ত্রণ খুব বেশি ছিল না এবং তিনি সব সময় ভয় পেতেন যে, সেনাবাহিনী যেকোনো সময় তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে পারে। অবশ্য ২০০৩ সালে ফ্রান্সের সমর্থন নিয়ে তিনি নিজেই এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিলেন।