বিদ্রোহীদের দখলে সিরিয়ার বিমানঘাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঠিক এক দিন পরই কৌশলগতভাবে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার সামরিক বিমানঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহীরা।আজ শুক্রবার সকালে বিরোধী দলের কর্মীদের নেটওয়ার্ক লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) জানিয়েছে, সকালেই তারা ওই বিমানবন্দর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।বিরোধী দলের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, ভিডিওচিত্রে দেখা গেছে, ফ্রি সিরিয়ান আর্মিরা (এফএসএ) তাফতানাজ বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।গত বুধবার সংঘর্ষের পরে বিদ্রোহীরা ওই বিমানঘাঁটিতে ঢুকে পড়ে। গতকাল বৃহস্পতিবার তারা বিমানঘাঁটিটির প্রায় অর্ধেক অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর আজ সকালে পুরো বিমানবন্দরই তারা দখলে নেয়।ভিডিওচিত্রে দেখা গেছে, বিদ্রোহীরা বিমানবন্দরের প্রধান ফটকে সামরিক যুদ্ধ ট্যাঙ্কগুলো পর্যবেক্ষণ করছে। এ ছাড়া গোলাবারুদের ভান্ডারও তারা নিয়ন্ত্রণে নিয়েছে।তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পর্যবেক্ষক দল জানায়, বেলা ১১টার দিকে সংঘর্ষ থেমে গেছে।পর্যবেক্ষক দলের প্রধান রামি আবদুল রহমান জানান, ওই সংঘর্ষে সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। বাকিরা পালিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী তাঁদের বিমান ও হেলিকপ্টার সরিয়ে নিয়েছে। সিরিয়ায় বিদ্রোহ শুরুর পর এবারই সবচেয়ে বড় বিমানবন্দর দখলের ঘটনা ঘটল।এদিকে এলসিসি আরও জানিয়েছে, আজ সিরিয়ায় বিদ্রোহের সময় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হাসাকেহর নাহাত আল-হউল এলাকার ৪০ জন রয়েছে।