বিদ্রোহীদের হামলায় ২৮ সিরীয় সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহীদের হামলায় সিরীয় সেনাবাহিনীর ২৮ জন সদস্য নিহত হয়েছেন। ওই প্রদেশের সারাকেব শহরের তিনটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। বিদ্রোহীদের সমর্থক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীদের কয়েকটি ইউনিট ওই হামলা চালায়।অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, হামলার সময় পাঁচ বিদ্রোহীও নিহত হয়েছেন। তিনি বলেন, দুটি হামলা হয় রাজধানী দামেস্ক থেকে আলেপ্পো অভিমুখী মহাসড়কে। তৃতীয় হামলাটি হয় আলেপ্পো ও লাতাকিয়া এলাকার সংযোগ সড়কের পাশে নিরাপত্তা চৌকিতে। ওই এলাকার বেশির ভাগ অংশ আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে। রামি আবদেল আরও জানান, হামলার সময় বিদ্রোহীরা ছয়টি গাড়ি ধ্বংস কিংবা ছিনিয়ে নিয়েছে। তবে বিমান থেকে তাদের ওপর বোমা ফেলায় তারা নিরাপত্তা চৌকিগুলোতে অবস্থান নিতে পারেনি।বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনী এরই মধ্যে ইদলিব ও আলেপ্পো প্রদেশে অনেক স্থানের নিয়ন্ত্রণ হারিয়েছে। বর্তমানে তারা আলেপ্পো শহরের সরবরাহ পথ এবং শহরগুলো নিয়ন্ত্রণে রাখতে যুদ্ধ চালাচ্ছে। আর পাল্টা আক্রমণ ও সম্মুখযুদ্ধের মাধ্যমে বিভিন্ন এলাকা দখলের চেষ্টা করছে বিদ্রোহীরা। রয়টার্স।