বিদ্রোহীদের হামলায় ৫০ সিরীয় নিহত
সিরিয়ায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৫০ জন সেনা ও বাশার-সমর্থক যোদ্ধা নিহত হয়েছেন। আল-কায়েদার সমর্থিত জাবাত আল-নুসরা নামের একটি জঙ্গি সংগঠন হামা প্রদেশের জিয়ারা গ্রামে এ হামলা চালায়। যুক্তরাজ্যভিত্তিক বিদ্রোহী-সমর্থক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়। এ হামলায় হতাহতের সংখ্যার বিষয়ে অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি উন্নয়ন সংস্থার দপ্তরের বাইরে বোমা বিস্ফোরণ ঘটে। এতে বলা হয়, আজ সোমবারের এ হামলায় কয়েকজন নিহত হয়েছে। তবে সঠিক সংখ্যা জানায়নি বার্তা সংস্থাটি।অবজারভেটরি আরও জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় হারেম শহরে একটি বিমান হামলায় কমপক্ষে ২০ জন বিদ্রোহী নিহত হন। ওই হামলায় একজন বিদ্রোহী কমান্ডার গুরুতর আহত হন বলেও জানায় সংস্থাটি।