বিদ্রোহীরা বিশ্বাসঘাতক, ন্যাটো পরাজিত হবে: গাদ্দাফি
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ন্যাটো জোটকে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন বলে আল জাজিরা টেলিভিশন ও এবিসি নিউজের অনলাইনে জানানো হয়েছে।ন্যাটোকে উদ্দেশ করে ওই অডিও বার্তায় গাদ্দাফি বলেন, ‘তারা যদি ভূমিতে আসে, আমরা তাদের জন্য অপেক্ষা করব। কিন্তু তারা কাপুরুষ, তাদের সে সাহস নেই।’ন্যাটোর পাশাপাশি গাদ্দাফি বিদ্রোহীদের কাপুরুষ ও বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে বলেন, ‘ন্যাটো এবং বিশ্বাসঘাতক বিদ্রোহীরা অবশ্যই পরাজিত হবে।’অডিও বার্তায় গাদ্দাফি আরও বলেন, ‘আমরা আমাদের দেশেই আছি এবং আমরা এখানে থাকতে ও দেশকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।’ গাদ্দাফি ঘোষণা দেন, ত্রিপোলি থেকে তাঁকে হটানো যাবে না।টিভি স্টেশনটি বলছে, টেলিফোনে গতকাল শুক্রবার তারা এ বার্তাটি পেয়েছে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এ বার্তার সত্যতা নিশ্চিত করা যায়নি।গতকাল শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিলিটানের কাছে গাদ্দাফির অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। জিলিটান থেকে ত্রিপোলির দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার। বিদ্রোহীরা ত্রিপোলি দখল করার চেষ্টা করছেন। তাঁরা জানিয়েছেন, গাদ্দাফির অনুগত সেনারা গতকাল মিসরাতা শহরে হামলা চালিয়েছে। এতে ১০ ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হয়েছে।গাদ্দাফির সঙ্গে বিদ্রোহীদের কোনো ধরনের সমঝোতার খবর নাকচ করে দিয়েছেন লিবিয়ার বিদ্রোহী নেতা মাহমুদ জিব্রাঈল।