বিডিআর সদর দপ্তর পিলখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল শামসুল আলম চৌধুরী দাবি করেছেন, বিদ্রোহের ব্যাপারে আগে থেকে তিনি কিছু জানতেন না। গতকাল বুধবার পিলখানা হত্যা মামলার সাক্ষী দিতে গিয়ে এ কথা বলেন ৪৪ বর্ডার গার্ড (সাবেক বিডিআর) ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক কর্নেল শামসুল আলম চৌধুরী।সিপাহি রফিকুল ইসলামের আইনজীবী মামলার সাক্ষী কর্নেল শামসুল আলম চৌধুরীকে জিজ্ঞেস করেন, তিনি কি প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে বিডিআর সপ্তাহের সময় পিলখানায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছিলেন। জবাবে কর্নেল শামসুল আলম বলেন, ‘সঠিক। সঠিক।’ এরপর আইনজীবী তাঁকে বলেন, ‘তাহলে তো বিদ্রোহ সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন?’ জবাবে কর্নেল শামসুল বলেন, ‘এটা সত্য নয়।’ রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে গতকাল সকালে আদালতের কার্যক্রম শুরু হয়। মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত জজ আখতারুজ্জামান বিচারকাজ শুরু করেন। দুই দফা বিরতি দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। পরে ২৬ অক্টোবর সকাল সাড়ে নয়টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হয়। গতকাল সব আইনজীবী একজন সাক্ষীকেই জেরা করেন। একজন আইনজীবী কর্নেল শামসুল আলমকে বলেন, ‘বিদ্রোহ সম্পর্কে আগে থেকেই আপনি জানতেন এবং সেটা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। সে কারণে প্রধানমন্ত্রী ২৬ তারিখের কর্মসূচি বাতিল করেছিলেন।’ জবাবে শামসুল আলম বলেন, ‘এটা সত্য নয়।’ ডাল-ভাত কর্মসূচি সম্পর্কে জেরার জবাবে তিনি বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য সত্য নয়।’ একজন আইনজীবী বলেন, ডিএডি তৌহিদুল আলম বিডিআর বিদ্রোহে অংশ নেননি। তিনি সরকারের পক্ষে বিদ্রোহ দমনে তৎপর ছিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। আরেকজন আইনজীবী বলেন, বিদ্রোহের আগে ফার্মগেটে লিফলেট (প্রচারপত্র) পাওয়া যায়। লিফলেট নিয়ে বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। সেখানে সাক্ষী শামসুল আলম উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, সিপাহি মাঈনের হাতের অস্ত্রটি ছিল ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের। সেই অস্ত্র দেখে মহাপরিচালক তাঁকে বলেছিলেন, ‘শামস, এ অস্ত্র তোমার ব্যাটালিয়নের।’ দরবার হলে উপস্থিত অন্য অফিসাররাও একই কথা বলেছিলেন। এসব বিষয়ে একাধিক আইনজীবী সাক্ষী কর্নেল শামসুল আলমকে প্রশ্ন করেন। জবাবে সাক্ষী সবাইকে বলেন, ‘এটা সত্য নয়।’ গতকাল বেশির ভাগ আইনজীবী সাক্ষীকে জেরা করেন বিদ্রোহের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে। কয়েকবার আসামিপক্ষের আইনজীবীদের অপ্রাসঙ্গিক প্রশ্নের কারণে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়। গত ২৪ আগস্ট এ মামলার জেরা ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী লালবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খিসা। দ্বিতীয় সাক্ষ্য দেন নিউমার্কেট থানার সাবেক ওসি কামাল উদ্দিন। তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সিগন্যাল সেক্টরের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনিম। চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন শামসুল আলম। আগামী দিনেও আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করবেন।