বিডিআর বিদ্রোহের ঘটনায় সম্পদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ১১ কোটি টাকা। হেলিকপ্টারের গুলি, যানবাহনে আগুন, ভাঙচুর, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরণসহ লুট হওয়া সরকারি ও বেসরকারি মালামালের মূল্য ধরে এ হিসাব তৈরি করা হয়েছে। বিডিআর, বিমানবাহিনী ও সিআইডির কর্মকর্তারা যৌথভাবে এ হিসাব তৈরি করেছেন। বিডিআর হত্যা মামলার অভিযোগপত্রে সিআইডি তা উল্লেখ করেছে। জানতে চাইলে বিডিআর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে শুধু সম্পদের ক্ষতির বিষয়টিই টাকায় উল্লেখ হয়েছে। সূত্র জানায়, বিদ্রোহের সময় লুট হওয়া সরকারি মালামালের মধ্যে আছে অস্ত্র, গোলাবারুদ, বেতার যন্ত্র, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ল্যান্ড ফোন, হাত মাইক, এসি, ফ্যাক্স মেশিন, বিভিন্ন ধরনের বেতার (সিগন্যাল) যন্ত্রপাতি ও ব্যাটারি, মাইক্রোফোন, টেলিভিশন, ইউপিএস, ফটোস্ট্যাট মেশিন, জেনারেটর, এমপ্লি ফায়ার, চার্জার, ইউএইচএফ রেডিও, বিভিন্ন ধরনের এন্টেনা, অডিও-ভিডিও ক্যামেরা ইত্যাদি। বিডিআরের পক্ষ থেকে এই মালামালের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় ৩৯ লাখ ৫৭ হাজার ১৫৬ টাকা। বিদ্রোহের সময় বিডিআর জওয়ানরা বিভিন্ন বাসাবাড়িতে হামলা চালান। জওয়ানরা বিভিন্ন সেনা কর্মকর্তার বাসা থেকে ব্যক্তিগত মালামাল হিসেবে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ফটোস্ট্যাট মেশিন, টেপ রেকর্ডার, শীততাপনিয়ন্ত্রণ যন্ত্র, এমপ্লি ফায়ার, ব্যবহারিক আসবাব, মূল্যবান কাপড় লুট করেন। এসব হিসাব ধরা হয় ১০ কোটি ৫০ লাখ টাকার। বিদ্রোহের সময় পিলখানার ভেতরে ৩৯টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে ছয়টি গাড়ির বেশি ক্ষতি হয়। এ ক্ষতির পরিমাণ দেওয়া হয় চার লাখ ৬৫ হাজার টাকা। এ ছাড়া বাকি ৩৩টি গাড়ির আংশিক ক্ষতির মূল্য ধরা হয় ৫০ লাখ টাকা। সূত্র জানায়, বিদ্রোহের পরদিন দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিদ্রোহ থেকে বিডিআর সদস্যদের বিরত থাকার নির্দেশসংবলিত লিফলেট বিতরণের জন্য একটি হেলিকপ্টার পিলখানার আকাশে ওড়ে। হেলিকপ্টার দেখামাত্র বিডিআর জওয়ান কচিং মার্মা ও সিপাহি জসিম উদ্দিনসহ অন্যরা এলএমজি থেকে গুলি ছুড়তে শুরু করেন। এতে হেলিকপ্টারের ফুয়েল ট্যাংকসহ ছয়টি স্থানে সরাসরি গুলি লাগে। এ ছাড়া গুলির কারণে ২১টি স্থান ক্ষতিগ্রস্ত হয়। পরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। বিমানবাহিনী থেকে হেলিকপ্টারে গুলি লাগার ক্ষতি নিরূপণ করা নয় লাখ ৮৮ হাজার ৫৭৬ টাকার। সিআইডির কর্মকর্তারা জানান, বিডিআর বিদ্রোহের সময় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ খোয়া যায়। এর বেশির ভাগই পরে উদ্ধার করা হয়। বর্তমানে সাতটি ব্যক্তিগত অস্ত্রসহ ৬৪টি পিস্তল, পাঁচটি রাইফেল ও একটি এসএমজির খোঁজ মেলেনি। এ ছাড়া ১৯৮টি আর্জেস গ্রেনেড, পাঁচটি মর্টার শেল ও একটি রকেট শেল পাওয়া যায়নি। একই সঙ্গে বিভিন্ন ধরনের ৩৯ হাজার ৫৬৯টি গুলি পাওয়া যাচ্ছে না। বিদ্রোহের দিন দুই হাজার ৪১৪টি অস্ত্র থেকে গুলি করা হয়। এসব গুলির দামও ক্ষতির হিসাবে ধরা হয়েছে।