বিদ্রোহের ঘটনায় ক্ষমা চাইলেন সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপুয়া নিউগিনিতে গতকাল বৃহস্পতিবারের বিদ্রোহের ঘটনায় জড়িত সেনারা ক্ষমা চেয়েছেন।রাজধানী পোর্ট মরেসবিতে সংঘটিত এ ঘটনাকে ‘উচ্ছৃঙ্খল আচরণ’ বলেছেন প্রধানমন্ত্রী পিটার ও’নীল। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি এই খবর প্রকাশ করেছে।২০ জন সেনাসদস্যের একটি দল সাবেক প্রধানমন্ত্রী স্যার মাইকেল সোমারকে এই পদে পুনর্বহালের দাবি জানিয়ে আসছিল।বর্তমান প্রধানমন্ত্রী পিটার ও’নীল ও সাবেক প্রধানমন্ত্রী স্যার মাইকেল সোমারের মধ্যে প্রধানমন্ত্রিত্ব নিয়ে চলমান বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উভয় নেতা নিজেদের প্রধানমন্ত্রী বলে দাবি করে আসছিলেন।সেনা বিদ্রোহের মাধ্যমে ও’নীলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে ও’নীল বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, এ ঘটনা দেশে একটি হাস্যকর ঘটনার জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, পাপুয়া নিউগিনি সোমারের কাছে আরও ভালো কিছু আশা করে। দেশটি ৪৫ বছর ধরে তাঁকে সম্মান দেখিয়েছে। তাঁর বোঝা উচিত দেশ এখন তাঁর কাছ থেকে সেই সম্মান চায়।অন্যদিকে স্যার মাইকেল সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিতে এবং বর্তমান সরকারের প্রশাসনের প্রতি সমর্থন দিতে সেনাবাহিনী ও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির জাতীয় পত্রিকা ‘রিপোর্ট অন ফ্রাইডে’তে স্যার মাইকেল বলেন, ‘দেশে এ ধরনের পরিস্থিতি চলতে দেওয়া হবে না।’গতকাল এবিসি নিউজের এক খবরে বলা হয়, পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মরেসবিতে একদল সেনা রক্তপাতহীন বিদ্রোহ করে প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে অপসারণ করে নতুন প্রধান নিয়োগ করেছে। দেশটির সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ইয়াউরা সাসা এই বিদ্রোহে নেতৃত্ব দেন। তিনি নিজেকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান ঘোষণা করেছেন।২০১১ সালে হূদরোগের চিকিত্সা করাতে স্যার মাইকেল পাপুয়া নিউগিনি ছাড়েন। এরপর তাঁর পরিবার থেকে জানানো হয়, তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে মাইকেল জানান, তাঁর সঙ্গে আলোচনা না করেই এ ঘোষণা দেওয়া হয়েছে।পাঁচ মাস ধরে তিনি দেশে না থাকায় গত আগস্টে সাংসদেরা তাঁর পদটি শূন্য ঘোষণা করেন। পরে ও’নীল ৭০-২৪ ভোটে বিজয়ী হয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাম আবালের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।পরে ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট এক আদেশে বলেন পার্লামেন্ট ও’নীলকে অবৈধভাবে নির্বাচিত করেছেন। একই সঙ্গে আদেশে স্যার মাইকেলকে প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়।