বিদ্রোহের পর ঘুরে দাঁড়িয়েছে বিডিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় বেলা ঠিক ১১টা। বিউগল বেজে ওঠার সঙ্গে সঙ্গে হলে প্রবেশ করলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। রঙিন কার্পেট আর সাজানো হলের মেঝেতে বসে আছেন সাড়ে ৮০০ বিডিআর জওয়ান, পাশে চেয়ারে বসা কর্মকর্তারা। শুরু হলো দরবারের আনুষ্ঠানিক কার্যক্রম। এক বছর আগে এভাবেই শুরু হয়েছিল পিলখানায় বিডিআরের বার্ষিক দরবার। কিন্তু সে দরবার আর শেষ হতে পারেনি। অস্ত্রধারী দুই জওয়ানের আকস্মিক প্রবেশের পর যে নজিরবিহীন ঘটনাপ্রবাহের শুরু হয়, তাতে ওলটপালট হয়ে যায় সব। সেদিনের দরবারে উপস্থিত জওয়ানদের অনেকেই ছিলেন গতকালও। ছিলেন না কেবল সেই কর্মকর্তারা, যাঁরা আর কোনো দিনই ফিরে আসবেন না। ২৫-২৬ ফেব্রুয়ারির রক্তক্ষয়ী আর বিভীষিকাময় সেই বিদ্রোহের স্মৃতি নিঃসন্দেহে দরবারে থাকা সবার মন জুড়ে ছিল।পার্থক্য ছিল আরেকটি। এক বছর আগের দরবারের সময় পুরো পিলখানায় ছিল সাজ সাজ রব। এবার রাইফেলস সপ্তাহের অনুষ্ঠানে কয়েকটি রঙিন পতাকা ছাড়া আর কিছুই চোখে পড়ার মতো ছিল না। আড়ম্বরহীন দরবারে ঢুকে বিডিআরের মহাপরিচালক এর একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, ‘আমরা একটি ভুলের মাশুল দিচ্ছি। প্রতিবার বিডিআরের দরবার হতো জাঁকজমকের সঙ্গে। কিন্তু এবার তা আমরা করতে পারছি না। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবার সপ্তাহের কর্মসূচি কমিয়ে আনা হয়েছে। এক দিনেই তিনটি পর্বের মাধ্যমে সপ্তাহ শেষ হচ্ছে।’এত দিন সব দরবার হতো আলোচিত সেই দরবার হলে। এবার সেখানে বসেছে বিদ্রোহের বিচারের জন্য গঠিত আদালত। এ বছরের দরবার হলো পাশের মালটিপারপাস ট্রেনিং শেডে। গত বছর রাইফেলস সপ্তাহ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার বিডিআর কর্মকর্তারা ছাড়া কেউ ছিলেন না। গণমাধ্যমের জন্য দরবারের কিছু অংশ উন্মুক্ত ছিল।গতকাল মহাপরিচালক দরবারে ঢুকে নির্ধারিত চেয়ারে বসে বক্তৃতা দেন। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল হক। বিডিআর মহাপরিচালক বলেন, ‘এক বছর আগের বিদ্রোহের কারণে এ বাহিনীর যে অপূরণীয় ক্ষতি হয়েছিল তা পূরণ করতে বিডিআর ঘুরে দাঁড়াচ্ছে। সেই ক্ষতচিহ্ন নিয়েও বিডিআর ঘুরে দাঁড়াতে পেরেছে। আমাদের বাহিনীর ওপর মানুষের আস্থা ফিরে এসেছে।’ এক বছরের মধ্যে সব পুনর্গঠন শেষ হবে বলে তিনি জানান।মেজর জেনারেল মইনুল জওয়ানদের উদ্দেশে বলেন, ‘আমাদের নতুন শপথ নিতে হবে। আমরা নতুন, আমরা এক, আমরা বলীয়ান—এ মূলমন্ত্র নিয়ে কাজ করে যেতে হবে। হতে হবে সুশৃঙ্খল, সুশৃঙ্খল এবং সুশৃঙ্খল।’বিডিআর মহাপরিচালক বলেন, সেদিন মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করার পর ‘জাগো’ বলে জওয়ানেরা দরবার হল ত্যাগ করেছিলেন। সেদিন দরবারে যাঁরা ছিলেন তাঁরা দুর্বলচিত্তের। তাঁরা সক্রিয় হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটত না। তাঁরা যদি সেদিন ওভাবে চলে না যেতেন, তাহলে এ হত্যাকাণ্ডও ঘটত না। মইনুল বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পিলখানার বিদ্রোহ দমন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন।’সীমান্তে সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, সবাই ভাবছে বিডিআর খুব দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বিডিআর মোটেও দুর্বল নয়, বিডিআর সঠিকভাবে কাজ করছে। বিদ্রোহের বিচার প্রসঙ্গে তিনি বলেন, অপরাধীরা কেউ পার পাবে না। তবে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, সেদিকেও সজাগ থাকতে হবে।শৃঙ্খলার ওপর জোর দিয়ে সীমান্ত রক্ষাবাহিনীর প্রধান বলেন, ‘বিডিআরের ভেতরে বসে জুয়া খেলা খেলবে, তা হবে না। এমন হলে তাঁকে আগে জেলে পাঠিয়ে তারপর বাড়ি পাঠানো হবে।’এক বছর বন্ধ থাকা বিডিআরের পদোন্নতি আবার চালু করা হবে বলে জানান মেজর জেনারেল মইনুল। এরপর ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের কর্মকাণ্ডে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মহাপরিচালক নির্বাচিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।