বিদ্রোহের পর ৬৯ জন পিলখানা থেকে পালিয়ে গেছেন
বিডিআর বিদ্রোহের পরে পিলখানা সদর দপ্তর থেকে গত দুই বছরে ৬৯ জন পালিয়ে গেছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন।জানতে চাইলে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, কেউ ছুটি নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি, আবার কেউ ছুটি না নিয়ে চলে গেছেন। এ প্রবণতা সব বাহিনীতেই আছে। এর সঙ্গে বিদ্রোহের আগে-পরের কোনো ব্যাপার নেই। এটা সব সময় হয়ে থাকে। বিডিআর সদর দপ্তরের কর্মকর্তারা জানান, বিডিআর বিদ্রোহের পর বাহিনীর ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি দেখা দিয়েছিল। ওই সময় অনেক দুর্বল চিত্তের লোক ভীত হয়ে পড়েন। নিজেরা বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত হতে পারেন, এমন আশঙ্কাও তাঁদের ছিল। এ কারণে বাহিনী থেকে যাওয়ার পর তাঁরা আর ফিরে আসেননি। তাঁদের ছুটি ছাড়া অনুপস্থিত হিসেবে গণ্য করা হয়। ২০০৯ সালে এ তালিকায় আছেন ৩৬ জন আর ২০১০ সালে ছুটি ছাড়া অনুপস্থিত ছিলেন ৩৩ জন।বিডিআর সূত্র জানায়, তাঁদের কয়েকজন বিডিআরের নিজস্ব আইনে দায়ের করা মামলার আসামি। উপস্থিত না থাকার কারণে তাঁদের বিচার করা সম্ভব হচ্ছে না। তাঁরা হাজির হলে তাঁদের বিচার করা হবে।