বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড বিডিআর হবে বিজিবি
বিদ্রোহে জড়িত থাকা এবং সহযোগিতাসহ গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন ২০১০’-এর নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত আইনে দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী, আপিল ট্রাইব্যুনালকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি রহিত করার ক্ষমতা দেওয়া হবে কি না, সে বিষয়টির সুরাহা হয়নি। মন্ত্রিসভার বৈঠকে বর্ডার গার্ড আইনে এই ক্ষমতা দেওয়া নিয়ে বিতর্ক হয়। মন্ত্রীদের কেউ কেউ বলেন, সংবিধান অনুসারে একমাত্র রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডসহ শাস্তি মওকুফ করতে পারেন। যে প্রতিষ্ঠান শাস্তি দেবে, সেই প্রতিষ্ঠানকেই তা রহিত করার ক্ষমতা দেওয়া যায় কি না, তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। পরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনটি চুলচেরা বিশ্লেষণ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য ছয় সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মসিউর রহমান এবং মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইনসচিব ও স্বরাষ্ট্রসচিব। সংসদের চলতি অধিবেশনেই আইনটি পাস হবে বলে কয়েকটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এর আগে এটি আইন মন্ত্রণালয়ে আইনি মতামতের জন্য পাঠানো হবে।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হওয়ায় নতুন আইনের উদ্যোগ নেওয়া হয়। আইনটি পাস হলে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বাহিনীর নতুন নাম হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ নতুন আইন করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিকদের বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে যে জঘন্য ঘটনা ঘটেছে, তার বিচারে বিডিআরের প্রচলিত আইনটি যথেষ্ট নয়। ফলে ওই আইনে বিচারের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর ও শক্তিশালী আইনের প্রয়োজন বলে প্রধানমন্ত্রী মনে করেন। কারণ তিনি চান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। সব হত্যাকাণ্ডের বিচার হোক।সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, খসড়া আইনে মোট ১৬টি অধ্যায় ও ১৪৬টি ধারার প্রস্তাব রয়েছে। খসড়া প্রস্তুতকালে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর আইনও পর্যালোচনা করা হয়েছে। খসড়ায় বর্ডার গার্ডকে নিয়ন্ত্রিত ও সংরক্ষিত বাহিনী করার প্রস্তাব করা হয়েছে। বাহিনীর সদস্যরা রাজনৈতিক, সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন না। তাঁরা সংবাদপত্রে কোনো প্রকার সংবাদ, বই, চিঠি ও অন্য কোনো তথ্যও প্রকাশ করতে পারবেন না। এ বাহিনী সীমান্ত রক্ষা, আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধ ও যুদ্ধাবস্থায় সেনাবাহিনীকে সহায়তা করবে। এ ছাড়া সরকারের দেওয়া অন্য সব দায়িত্বও পালন করবে। বাহিনীর সদস্যদের নিয়োগ ও চাকরির শর্ত সম্পর্কে বলা হয়েছে, সরাসরি, প্রেষণে বা অধস্তন কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে বাহিনীর কর্মকর্তা নিয়োগ করা যাবে। সূত্র জানায়, প্রস্তাবিত আইনের খসড়ায় অপরাধসংক্রান্ত ৩০টি ধারা সংযোজন করা হয়েছে। এর মধ্যে বিদ্রোহ, যুদ্ধকালীন শত্রু-সম্পর্কিত অপরাধ, অবাধ্যতা, ছুটি ছাড়া অনুপস্থিত থাকা, পলাতক থাকা, আদেশ অমান্য করা, কর্মকর্তাদের হুমকি দেওয়া, অধীন ব্যক্তিকে আঘাত করা, উেকাচ নেওয়া, মর্যাদা হানি করে এমন আচরণ করা, সরকারি সম্পত্তির ক্ষতি করা, অশোভন আচরণ করার অপরাধের উল্লেখ আছে। এসব অপরাধের মধ্যে যুদ্ধাবস্থার অপরাধের ক্ষেত্রে শাস্তি দিগুণ হবে।এতে বলা হয়, বাহিনীর কোনো সদস্য দায়িত্ব পালনের সময় সীমান্ত চৌকি, স্থান বা প্রহরাস্থান শত্রুর কাছে লজ্জাকরভাবে হস্তান্তর করলে বা কাউকে এ কাজ করতে বাধ্য করলে, শত্রুর উপস্থিতিতে লজ্জাকরভাবে নিজের অস্ত্র বা গোলাবারুদ পরিত্যাগ করলে বা কাউকে শত্রুর বিরুদ্ধে সক্রিয় হতে নিরুত্সাহিত করলে বা বিশ্বাসঘাতকতা করে শক্রপক্ষের সঙ্গে যোগাযোগ বা তথ্য সরবরাহ করলে তার মৃত্যুদণ্ড হবে। সূত্র জানায়, কর্মকর্তাদের প্রতি অপরাধজনক বল প্রয়োগ ও হুমকি প্রদান এবং অধীন ব্যক্তিকে আঘাত করলে পাঁচ বছর, অবাধ্যতা ও প্রতিবন্ধতা তৈরি করলে দুই বছর, নিজের ব্যাপারে মিথ্যা তথ্য দিলে পাঁচ বছর, সম্পত্তিসংক্রান্ত প্রচারণামূলক কাজে জড়িত থাকলে পাঁচ বছর, মানহানিকর আচরণ করলে ১০ বছর, উেকাচ নিলে পাঁচ বছর, মদপান ও জুয়া খেললে এক বছর, বন্দী অবস্থায় অপরাধ করলে ১৪ বছর, উপযুক্ত কারণ ছাড়া সরকারি অস্ত্র হারালে দুই বছর, কারও বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলে তিন বছর, সরকারি দলিলপত্র জাল করলে সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে একই ধরনের শাস্তির বিধান রয়েছে।সূত্র জানায়, খসড়ায় বাহিনীর সদস্যদের বিচারের জন্য তিন স্তরের আদালত গঠনের কথা বলা হয়েছে। এগুলো হলো, বিশেষ আদালত, বিশেষ সামারি আদালত ও সামারি আদালত। বিশেষ আদালত সর্বোচ্চ মৃত্যুদণ্ড, বিশেষ সামারি আদালত সর্বোচ্চ পাঁচ বছর ও সামারি আদালত এক বছরের কারাদণ্ড দিতে পারবে। তবে এসব রায় অনুমোদিত না হওয়া পর্যন্ত বৈধ হবে না। অভিযুক্ত ব্যক্তির এ রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখা হয়েছে। বাহিনীপ্রধানের সভাপতিত্বে এ আপিল ট্রাইব্যুনাল গঠন করা হবে। আপিল ট্রাইব্যুনাল রায় পর্যালোচনা করে সাজা কমবেশি করতে পারবে।বিডিআর আইনে যেকোনো ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মাত্র সাত বছরের কারাদণ্ড। তা ছাড়া এ আইনে বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত বিডিআর কর্মকর্তাদের (ডিএডি) বিচারের সুযোগ নেই। বিডিআর বিধি ১৯৭৬-এর ২বি-এর ৪ ধারা অনুসারে এসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করা সর্বোচ্চ শাস্তি হিসেবে উল্লেখ রয়েছে। এ আইনে বিদ্রোহ ছাড়া গুম, হত্যা, বাড়িতে লুটপাট, গাড়িতে আগুন, রাস্তায় ব্যারিকেড দেওয়াসহ অন্যান্য অপরাধের কোনো শাস্তির উল্লেখ নেই। বিডিআরের আইন ছাড়াও গতকালের বৈঠকে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, ২০১০ নীতিগত অনুমোদন এবং পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০৯-এর সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে প্রেসসচিব জানান।ক্রয়নীতিমালার নতুন সংশোধনীর ফলে মন্ত্রণালয়গুলো সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত কেনার ক্ষমতা পেল। এর আগে মাত্র ৫০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব ক্ষমতাবলে ব্যয় বা কেনার ক্ষমতা ছিল মন্ত্রণালয়গুলোর।এ ছাড়া সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে জানান আবুল কালাম আজাদ।