বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বর্ডার গার্ড বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের মতো অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আজ সোমবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আগে বিডিআরের আইনে সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ বিলটি সংসদে উত্থাপন করেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আজ সংসদ অধিবেশনে বর্ডার গার্ড বাংলাদেশ বিলসহ চারটি বিল উত্থাপিত হয়। বাকি বিল তিনটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল-২০১০, পরিবেশ আদালত বিল-২০১০ এবং জলবায়ু ট্রাস্ট বিল-২০১০। এ ছাড়া রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল-২০১০, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল-২০১০ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০ সম্পর্কে কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপিত হয়।বর্ডার গার্ড বিলটি উত্থাপনের পরপরই তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বর্ডার গার্ড বিল অনুসারে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি কর্তৃক সংঘটিত বিদ্রোহের মতো অপরাধের বিচারে বর্ডার গার্ড আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করতে পারবেন। প্রস্তাবিত বিলে সর্বনিম্ন শাস্তি ‘ভর্ত্সনা’ করার বিধানও রয়েছে। নতুন এ বিলে বর্ডার গার্ড তাদের এখতিয়ার ও ক্ষমতার ভিত্তিতে তিন ধরনের আদালত গঠনের বিধানাবলির প্রস্তাব করা হয়েছে। এই আদালতগুলো হলো স্পেশাল বর্ডার গার্ড, স্পেশাল সামারি বর্ডার গার্ড ও সামারি বর্ডার গার্ড আদালত। এ ছাড়া সংক্ষুব্ধ ব্যক্তি বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ পাবেন।বর্ডার গার্ড আদালত কর্তৃক চাকরি হতে বরখাস্ত ও তদূর্ধ্ব দণ্ডাদেশের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল টাইব্যুনাল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আদালতের রায়ের তারিখ থেকে ৬০ কার্য দিবসের মধ্যে ওই আপিল করতে হবে।বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারিতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিডিআর সদস্য কর্তৃক নৃশংস হত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ন্যায় গুরুতর অপরাধ বিচারে বিদ্যমান আইনের অপর্যাপ্ততা দূর করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিলটি প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে পুরাতন বাংলাদেশ রাইফেলস (বিশেষ বিধান) অধ্যাদেশ-১৯৭৬ রহিত হয়ে যাবে। এ খসড়া আইনে ১৬টি অধ্যায়ে ১৩৭টি ধারা রয়েছে।আইনটি যুগোপযোগী করে বিভাগীয় কর্মকর্তা ও অসামরিক পদে কর্মরত ব্যক্তিদের অপরাধের বিচার, বর্ডার গার্ড বাহিনীর কার্যাবলি, ক্ষমতা ও দায়িত্ব এবং অধস্তন কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ রাখা হয়েছে।বিলে বিদ্রোহের ব্যাখ্যায় বলা আছে, অধিভুক্ত দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক সম্মিলিতভাবে বাহিনী বা সশস্ত্র বাহিনী বা সহযোগী বাহিনীর কোনো কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করা বা ওই কর্তৃপক্ষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, প্রতিহত করা বা উত্খাত করা অথবা দুই বা ততোধিক ব্যক্তি তাদের বৈধ বা অবৈধ অসন্তুষ্টি সম্মিলিতভাবে কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা বা উক্তরূপ কার্যকরণের কোনো প্রচেষ্টা গ্রহণ করাকে বিদ্রোহ হিসেবে গণ্য করা হবে।এর আগে প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে আজ সোমবার জাতীয় সংসদের শরতকালীন অধিবেশন শুরু হয়। নবম জাতীয় সংসদের এটি ষষ্ঠ অধিবেশন। এ অধিবেশন আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিএনপি সর্বশেষ গত ২ জুন অধিবেশনে যোগ দিয়েছিল।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আজ বিকেল সোয়া চারটায় অধিবেশন শুরু হয়। শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব পাঠ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের একাধিক সদস্য বিদেশে অবস্থান করায় সংসদের সামনের সারির আসনগুলোর বেশিরভাগ ছিল ফাঁকা। বিরোধী দলের সদস্যরা যোগ না দেওয়ায় অধিবেশন ছিল অনেকটাই নিস্প্রাণ।